দুই চোখ উপড়ে যুবককে বিলের পাশে ফেলে গেল দুর্বৃত্তরা

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের দুই চোখ উপড়ে ফেলে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

রবিবার (১ নভেম্বর) রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশে এ ঘটনা ঘটে। আহত দেলোয়ার ওই ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে মৃত ভেবে বিলের পাড়ে ফেলে রেখে যায় তারা।

সোমবার (২ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন বিলের পাশের একটি ধানখেতে দেলোয়ারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার হাত-পা বাঁধা ছিল। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলেও সেখানে কাউকে দেখতে পাননি। পরে জানতে পারেন, পরিবারের সদস্যরা দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। তবে স্থানীয়দের বরাতে তিনি জানান, দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। কারা তার দুই চোখ উপড়ে ফেলার ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা মামুনুর রশিদ বলেন, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত