নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিএইউএসটি ইইই ফেস্ট ২০২৬’। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও কেক কেটে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
এ সময় তিনি বলেন, এ উৎসব শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তবে প্রয়োগের একটি কার্যকর প্ল্যাটফর্ম। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি করবে। পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দলগত কাজ, নেতৃত্ব, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আতিকুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, বিভাগ ও দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে এ উৎসব। এতে কুইজ, গেমিং, ট্রেজার হান্ট, ওয়ার্কশপ ও সেমিনারের পাশাপাশি জাতীয় পর্যায়ে সার্কিট অলিম্পিয়াড, প্রজেক্ট শোকেসিং, টেকনিক্যাল পোস্টার প্রেজেন্টেশন, রোবোটিকস, রোবো সকার ও লাইন ফলোয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসব প্রতিযোগিতায় বিএইউএসটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইইই বিভাগের শিক্ষার্থীরা ফ্ল্যাশ মব পরিবেশন করেন। এতে অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়।
বিএইউএসটি ইইই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এ উৎসবের স্পনসর হিসেবে রয়েছে হিকভিশন বাংলাদেশ ও বেটকো ইঞ্জিনিয়ারিং। প্রযুক্তি, উদ্ভাবন ও প্রকৌশল শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের প্রতিভা বিকাশে এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা।