কৃষিব্যবসায় সহযোগিতায় এনএসইউ-ইউডব্লিউএর সমঝোতা

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

কৃষিব্যবসা, শিক্ষা-গবেষণা ও শিল্প খাতে সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (ইউডব্লিউএ) সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্থে এ সমঝোতা স্মারক সই হয়।

এনএসইউর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। প্রতিনিধিদলে ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও সদস্য বেনজীর আহমেদ এবং এনএসইউ-ইউডব্লিউএ অ্যাগ্রিবিজনেস সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম।

সফরকালে এনএসইউর প্রতিনিধিদল ইউডব্লিউএর স্কুল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্ট, ইনস্টিটিউট অব অ্যাগ্রিকালচার এবং স্কুল অব পপুলেশন অ্যান্ড গ্লোবাল হেলথের শিক্ষক ও গবেষকদের সঙ্গে বৈঠক করে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সফরের অংশ হিসেবে ইউডব্লিউএর উপাচার্য অধ্যাপক অমিত চাকমার সঙ্গে ‘এনএসইউ-ইউডব্লিউএ অ্যাগ্রিবিজনেস সেন্টার অব এক্সিলেন্স’ বিষয়ে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রতিনিধিদলের সদস্যরা। ইউডব্লিউএর উইনথ্রপ হলে আয়োজিত এ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তা, সরকারি প্রতিনিধি, গবেষক ও শিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন। তারা কৃষি উদ্ভাবন, খাদ্যনিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া প্রতিনিধিদল পার্থ সিটির লর্ড মেয়র ব্রুস রেনল্ডসের সঙ্গে কাউন্সিল হাউসে সৌজন্য সাক্ষাৎ করে।

সফরের অন্যতম প্রধান অর্জন হিসেবে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়। এর একটি ব্যাচেলর অব কমার্সের শিক্ষার্থীদের জন্য ২+২ আর্টিকুলেশন প্রোগ্রাম। এর আওতায় এনএসইউর শিক্ষার্থীরা স্নাতক শিক্ষার একটি অংশ ইউডব্লিউএতে সম্পন্ন করার সুযোগ পাবেন। অন্য সমঝোতা স্মারকের আওতায় এনএসইউ-ইউডব্লিউএ অ্যাগ্রিবিজনেস সেন্টার অব এক্সিলেন্সের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদারে অর্থসহায়তা দেবে ইউডব্লিউএ।

আগামী ১৩ ডিসেম্বর এনএসইউতে ইউডব্লিউএ ও অন্যান্য অংশীদারের সহযোগিতায় একটি আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে কৃষিব্যবসার রূপান্তর, প্রযুক্তি হস্তান্তর, মূল্যশৃঙ্খল উন্নয়ন এবং ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার রূপরেখা প্রণয়ন নিয়ে আলোচনা হবে।

এনএসইউ-ইউডব্লিউএ অ্যাগ্রিবিজনেস সেন্টার অব এক্সিলেন্সের মাধ্যমে একাডেমিক গবেষণা ও বাস্তব প্রয়োগের মধ্যে সেতুবন্ধ তৈরি হবে। এর ফলে দুই দেশের মধ্যে টেকসই কৃষিব্যবসার নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত