রাজধানীর ধানমন্ডিতে একটি ১৪ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ এলাকার ২৭ নম্বর বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট বিকেল ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিকে পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হলেও পরিস্থিতি বিবেচনায় সেগুলোর আর প্রয়োজন হয়নি। পরে ইউনিট দুটি ফিরে যায়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।