খুলনায় শ্রমিক নেতাসহ গ্রেপ্তার ৩, মহাসড়ক অবরোধ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

খুলনার মহেশ্বরপাশা মানিকতলা খাদ্যগুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেনসহ তিনজনকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অবরোধের কারণে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনের মধ্যস্থতায় অবরোধ সাময়িকভাবে স্থগিত করেন শ্রমিকরা। তবে সভাপতিকে মুক্তি না দিলে পুনরায় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শ্রমিক নেতাদের সূত্রে জানা গেছে, সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তারের প্রতিবাদে সকাল থেকে মানিকতলা খাদ্যগুদামে সব ধরনের পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার রাতে খাদ্যগুদামের অভ্যন্তরে থাকা সাইলো থেকে কোনো ইনভয়েস ছাড়াই দুই ট্রাক গম বের করার চেষ্টা করা হয়। এ সময় সাইলো কর্তৃপক্ষ ট্রাক দুটি আটক করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খাদ্যগুদাম ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেন, সাইলোর মেশিনম্যান মেহেদী হাসান এবং এলইউ শাখার ইনভয়েস প্রস্তুতকারী মোহাম্মদ কামরুজ্জামানকে আটক করে। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কেএমপির উপপুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, সম্প্রতি মানিকতলা খাদ্যগুদাম থেকে গম চুরির ঘটনায় শ্রমিক ইউনিয়নের সভাপতির সম্পৃক্ততার তথ্য পায় কর্তৃপক্ষ। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত