শীতের পোশাকে ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের সমন্বয় ঘটাতে অ্যাংকেল বুটসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। গোড়ালি পর্যন্ত ঢাকা এই জুতা শুধু পা উষ্ণ রাখে না, পোশাকেও আনে আধুনিক ও স্টাইলিশ লুক। জিনস, ট্রাউজার, স্কার্ট কিংবা শীতের লম্বা কোট সব ধরনের পোশাকের সঙ্গেই মানিয়ে যায় অ্যাংকেল বুটস।
অ্যাংকেল বুটসের রয়েছে নানা ধরন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চেলসি বুটস, লেস-আপ বুটস, হিলড বুটস, কমব্যাট বুটস, ওয়েস্টার্ন বুটস ও প্ল্যাটফর্ম বুটস। প্রতিটির নকশা ও ব্যবহারে রয়েছে আলাদা বৈশিষ্ট্য। ইতিহাস বলছে, উনিশ শতকের গোড়ার দিকে ইউরোপে অ্যাংকেল বুটস জনপ্রিয় হতে শুরু করে। ১৮৩৭ সালে লন্ডনের জুতা নির্মাতা জে. স্পার্কস হল রানী ভিক্টোরিয়ার জন্য ইলাস্টিক সাইডযুক্ত বুট তৈরি করেন। পরবর্তী সময়ে এটি চেলসি বুটস নামে পরিচিতি পায়।
শীতকালে অ্যাংকেল বুটস জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো পায়ের গোড়ালি ও পাতা ঢেকে রাখায় ঠান্ডা থেকে সুরক্ষা পাওয়া যায়। পাশাপাশি চামড়া, সোয়েড, কৃত্রিম চামড়া ও উলের আস্তরণযুক্ত বুট পা আরামদায়ক রাখে। জিনসের সঙ্গে ক্যাজুয়াল লুক কিংবা কোটের সঙ্গে ফরমাল সাজ দুই ক্ষেত্রেই মানিয়ে যায় এই জুতা। তাই শীতের ফ্যাশনে অ্যাংকেল বুটস অনেকের পছন্দের অনুষঙ্গ।