কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মো. রেজাউল করিম রাজু নামের একজনের বিরুদ্ধে ২০ মাদক মামলার তথ্য পেয়েছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর গ্রামের রাজুর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বাকি গ্রেপ্তাররা হলেন একই উপজেলার কাজিপাড়ার মো. ফজলে মিয়া (৪৮) ও বালাসিপাড়ায় মো. রাসেল মিয়া (৩৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবর পেয়ে নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদের নেতৃত্বে নাগেশ্বরী থানা পুলিশ এ অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ইয়াবা, নগদ টাকা, মোটরসাইকেল ও মুঠোফোন জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম, লালমনিরহাটসহ সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান, পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে রাজুর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলা নাগেশ্বরী, কুড়িগ্রাম ও লালমনিরহাট সদর ও ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় রয়েছে। এ ছাড়া ফজলে মিয়ার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলা রয়েছে।