মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ারে প্রতিপক্ষের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে জাহেদ বেপারী (৫০) নামের এক দিনমজুর নিহত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) রাতে চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইদিন বুধবার গভীর রাতে দিনমজুর জাহেদ মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত দিনমজুর জাহেদ মাজার ভক্ত ছিলেন, বুধবার রাতে নিজ বাড়ির পাশে হযরত দয়াল বাবা রুহুল আমিন শাহের মাজার শরীফের একটি কামরায় অবস্থান করছিলেন সে। এ সময় একই এলাকার ফরিদ বেপারী ওই কামরায় ডুকে জাহেদকে এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে উপুর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িত ফরিদ বেপারীকে গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ। পূর্ব বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।