টেকনাফে মানবপাচারবিরোধী অভিযানে গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তিতাস শেখ। নিহত তিতাস শেখ নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের আফজাল শেখের ছেলে। 

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, যৌথভাবে পাহাড়ে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রামু ১০ পদাতিক ব্রিগেডের সেনাবাহিনীর বরাতে জানা গেছে, শুক্রবার বিকেলের দিকে ১২০ জন রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে গহিন পাহাড়ে আটকে রাখে মানবপাচারকারীরা। খবর পেয়ে তাঁদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির ৬৩ সদস্যের একটি যৌথ দল অভিযান চালায়। এ সময় পাচারকারীদের সঙ্গে থাকা পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গোলাগুলি শুরু হয়।

এ সময় সৈনিক তিতাস শেখের কাঁধে গুলি লাগে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সর্বশেষ সর্বাধিক পঠিত