হৃদয়ের ১৫০-তে শক্ত অবস্থানের পথে বাংলাদেশ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

১৩৮ রানেই যখন ৫ উইকেট হারাল বাংলাদেশ সেখানে সংগ্রহ ২০০-পার করাটাই যেন কঠিন দেখাচ্ছিল বাংলাদেশের। তবে দলের ব্যাটিংয়ের হাল একাই ধরলেন তাওহীদ হৃদয়। তৃতীয় টেস্ট খেলতে নেমেই করলেন প্রথম সেঞ্চুরি। সেই ইনিংস ইতিমধ্যে নিয়ে গেছেন ১৫০-এর ওপরে। তাতেই শক্ত অবস্থানের দিকে এগোচ্ছে বাংলাদেশ। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ৮৪ ওভার শেষে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৭৪ রান। ১৫৪ রান করে অপরাজিত আছেন হৃদয়। আর অন্যপ্রান্তে দৃঢ়তার সর্বোচ্চ প্রদর্শনীতে ৩৭ বলে ১৫ রানে ব্যাট করছেন তাইজুল ইসলাম।

দলীয় ইনিংস যখন তিনশ’র দিকে এগোচ্ছে ততক্ষণে ৯০ রানে অবিচ্ছিন্ন জুটি গড়ে ফেলেছেন হৃদয় ও তাইজুল। যা সিলেটের এই মাঠে যেকোনো দলের হয়ে অষ্টম উইকেটে সবচেয়ে বেশি রানের জুটি। এদিকে হৃদয় এই ১৫৪ রানে ইনিংস উইন্ডিজের বিপক্ষে টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের নজির।

আগের টেস্টের ব্যাটিং ব্যর্থতা পেছেনে ফেলে হৃদয় যখন এগোচ্ছেন ডাবল সেঞ্চুরির দিকে তখন ইনিংসের ৮৫তম ওভারে শঙ্কা দিয়েছিল চোটের ধাক্কার। জাইজেড সিলসের ওভারের চতুর্থ বলটি পুল করার চেষ্টা করেছিলেন হৃদয়, কিন্তু ব্যাটে লাগাতে পারেননি এবং সোজা গিয়ে আঘাত করে তাঁর বুকের পাঁজরে। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান তিনি। পরে পরিস্থিতি দেখতে মাঠে প্রবেশ করেছেন ফিজিও।

মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফের ব্যাটিং শুরু করেছেন হৃদয় এবং পরের ওভারে পরপর দুই বলে দুটি চার মেরে জানান দিলেন এখনই থামছেন না তিনি।  

সর্বশেষ সর্বাধিক পঠিত