কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান ধরে রেখেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৪৯তম স্থান অর্জনের পাশাপাশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানও ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।
এ বছরের র্যাঙ্কিংয়ে এশিয়ার ১ হাজার ৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যার মধ্যে বাংলাদেশের ৫২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এশিয়ার শীর্ষ ১৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউর অবস্থান ধরে রাখা বিশ্ববিদ্যালয়টির অগ্রগতি এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন।
অন্যদিকে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাউদার্ন এশিয়া ২০২৭-এ এনএসইউ ১৮তম স্থান অর্জন করেছে। এ অর্জনের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিজেদের অবস্থানও ধরে রেখেছে এনএসইউ।
এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “এনএসইউর ধারাবাহিক এই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। এ অর্জন ট্রাস্টি বোর্ড থেকে শুরু করে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।”