ফেনীর সোনাগাজীতে দলীয় কোন্দলে সাজেল হক সোহেল নামের এক বিএনপি নেতাসহ চার জনকে কুঁপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের ভৈরবচৌধুরী বাজার সংলগ্ন স্থানে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে ঘটেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান,এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালনা করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রাতে আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাজেল হক সোহেল সোনাপুর বাজার থেকে পৌর শহরের দিকে যাচ্ছিলেন। পথে ভৈরবচৌধুরী বাজার সংলগ্ন স্থানে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা ১২ জন স্বদলীয় নেতাকর্মী তার পথরোধ করে মারধরের পর একপর্যায়ে কুঁপিয়ে জখম করে। এসময় সোহেলের অনুসারী সন্দেহে মুহুরী প্রজেক্ট থেকে ফেরার পথে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ইমতিয়াজ মাহমুদ সুজন, ফাহিম ও নাজমুল হুদা নামে তিন যুবককে কুঁপিয়ে জখম করে তারা। এ ছাড়া তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর উপজেলার সোনাপুর বাদামতলি ও মুহুরী প্রজেক্ট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাজেল হকের সঙ্গে একাধিক গ্রুপের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। এ ঘটনায় জড়িত উভয়পক্ষের লোকজনের বিরুদ্ধে সন্ত্রাসী ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।