জয়পুরহাটে মাদকসহ কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

জয়পুরহাটে অভিযান চালিয়ে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবা, ৯৯ বোতল ফেয়ারডিল ও ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তারেক হোসেন তন্ময় (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর জয়পুরহাট ক্যাম্প।

শনিবার (৭ নভেম্বর) জয়পুরহাট পৌর শহরের সরদারপাড়া এলাকায় তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আজ রবিবার দুপুরে এসআরবি-৫-এর সিপিসি-৩ ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি বিশেষ আভিযানিক দল জয়পুরহাট পৌর এলাকার সরদারপাড়ায় তারেক হোসেন তন্ময়ের বাড়িতে অভিযান চালায়। গ্রেপ্তার তারেক হোসেন তন্ময় জয়পুরহাট সদর উপজেলার দরগাপাড়া এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত