এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে চলে গেল বাংলাদেশ। শ্রীলংকার সঙ্গে ভুটানের ড্র হলেও শেষ চার নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। রবিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ-গ্রুপের দ্বিতীয় ম্যাচে ২-২ গোলে ড্র করে শ্রীলংকা ও ভুটান। এই ড্রয়ের ফলে দুই দলের এক পয়েন্ট করে রয়েছে। তাই এক ম্যাচ হাতে থাকলেও তিন পয়েন্ট নিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। তবে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে কে যাবে তা নির্ধারিত হবে বুধবার বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচে। ওই ম্যাচে যদি শ্রীলংকা ড্র করে তাহলে তারাই শেষ চারে যাওয়ার দাবীদার। অন্যদিকে বেশি ব্যবধানে হালে ভুটানও সেমিফাইনালে যেতে পারে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে।
এদিকে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মিশ্র পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশ ফুটবল দল। একদিকে চোটের কারণে অধিনায়ক তপু বর্মণের খেলা নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে দলের শক্তি বাড়াতে আজ ঢাকায় আসছেন হামজা চৌধুরী ও ফারহান আলী। সব মিলিয়ে বুধবারের ম্যাচকে সামনে রেখে প্রস্তুতির পাশাপাশি চোট-ফিটনেস নিয়েও ভাবতে হচ্ছে কোচ টমাস ডুলিকে।
ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের দিন ওয়ার্মআপের সময় ব্যথা পান নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণ। দুই দিন পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি তিনি। রোববার সকালে বসুন্ধরার এবিজি স্পোর্টস সিটিতে দলের অনুশীলনে অংশ না নিয়ে ফিজিওর তত্ত্বাবধানে আলাদাভাবে রানিং করেছেন এই ডিফেন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে হাতে আর মাত্র দুই দিন সময় থাকায় তপুর ফিটনেস নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। এই সময়ের মধ্যে তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। উল্লেখ্য, ৫ জুনের পর থেকে এখন পর্যন্ত দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি তিনি। সাফ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে তপুকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তাই তাঁর অনুপস্থিতি রক্ষণভাগের পাশাপাশি দলের নেতৃত্বেও প্রভাব ফেলতে পারে।
এদিকে রোববার দলের সঙ্গে অনুশীলন করেছেন শেখ মোরছালিন ও সোহেল রানা। তবে ভুটানের বিপক্ষে ২৩ সদস্যের ম্যাচ স্কোয়াডে জায়গা হয়নি তাঁদের। দুজনের ফিটনেস নিয়েও কোচিং স্টাফের মধ্যে প্রশ্ন রয়েছে বলে জানা গেছে। ফুটবলাররা চোট আড়াল করছেন, নাকি ফিটনেস কোচ ও ট্রেইনাররা সঠিকভাবে তা শনাক্ত করতে পারছেন না—এ নিয়ে ফেডারেশন কর্মকর্তাদের মধ্যেও আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে আজ ঢাকায় আসছেন হামজা চৌধুরী ও ফারহান আলী। তাঁদের যোগদানে দলের শক্তি বাড়বে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাঁদের অন্তর্ভুক্তি বাংলাদেশের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।