ঢাকায় চলমান সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজ জার্সিতে আলো ছড়াতে অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। ভুটানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ক্লাবের ব্যস্ততার কারণে দলের সঙ্গে থাকা হয়নি তাঁর; তবে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর শ্রীলঙ্কা ম্যাচের ঠিক আগে দলের সঙ্গে যুক্ত হলেন এই ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই তারকা মিডফিল্ডার।
শুধু একা নন, মা, বোন, স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে আজ সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। বিমানবন্দর থেকে বাফুফে কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনা শেষে সরাসরি টিম হোটেলে সতীর্থদের সঙ্গে যোগ দেন হামজা।
ভুটানকে হারিয়ে সাফের শুভসূচনা করার পর শ্রীলঙ্কা ও ভুটানের ড্রয়ের সুবাদে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। এমন স্বস্তির মুহূর্তে হামজার এই আগমন দলের ড্রেসিংরুমে বাড়তি শক্তির জোগান দিয়েছে। আজ বিকেলেই দলের আনুষ্ঠানিক অনুশীলনে তাঁর ঘাম ঝরানোর কথা রয়েছে।
তবে আরেক প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদক পড়তে হয়েছে ফ্লাইট-বিভ্রাটে। ফুলহাম থেকে ধারে বোরহ্যাম উডে খেলা এই ফরোয়ার্ডের সকালেই ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট বিলম্বে দোহায় ট্রানজিটে দীর্ঘ সময় আটকে থাকতে হয় তাঁকে। বাফুফের তথ্য অনুযায়ী, কোনো বড় জটিলতা না ঘটলে আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন ফারহান। তবে দেরির কারণে আজকের অনুশীলনে তাঁর থাকা হচ্ছে না।
আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
লোপেজের জোড়ায় আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও জিতল বার্সা