টঙ্গীতে শিশুর শরীরে ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসিন্দা।

শিক্ষার্থীর স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার ছাত্র মো. ওসমান গণি নাঈমকে গত ৪ নভেম্বর (বুধবার) বিকেলে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে (নিতম্বে) ছ্যাঁকা দেন শিক্ষক রাব্বি হোসেন।

পরদিন ৫ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে যেতে মাদ্রাসায় যান। এ সময় মায়ের কাছে নির্যাতনের বিষয়টি খুলে বলে শিশুটি। পরে রবিবার (৮ নভেম্বর) রাতে শিশুটির মা টঙ্গী পূর্ব থানা পুলিশকে বিষয়টি জানান এবং লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ঘটনা জানার পরপরই মাদ্রাসাশিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষক ঘটনার দায় স্বীকার করায় মামলা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত