পাসপোর্ট ছাড়াই হাসিনাকে ফেরত পাঠাতে পারে ভারত: আসিফ নজরুল

'বাংলাদেশে আসার জন্য শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার অর্থ হলো, তিনি দেশে ফিরে বিচার মোকাবিলার মতো পরিস্থিতি রয়েছে বলে মনে করছেন। তবে শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী।'

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

বাংলাদেশে ফিরতে পাসপোর্ট চেয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি শেখ হাসিনা ভুল করেছেন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজ্ঞ ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার মতে, পাসপোর্ট ছাড়াই দণ্ডিত অপরাধী হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত পাঠানো সম্ভব।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।

পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে আসার জন্য শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার অর্থ হলো, তিনি দেশে ফিরে বিচার মোকাবিলার মতো পরিস্থিতি রয়েছে বলে মনে করছেন। তবে শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে।

আসিফ নজরুল বলেন, প্রত্যর্পণের অনুরোধ জানানো একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে দণ্ডিত অপরাধী হিসেবেই দেশে ফিরতে হবে। এ ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

তিনি আরও বলেন, পাসপোর্ট চাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশের জন্য আরও সহজ করে দিয়েছেন। এখন বাংলাদেশ সরকার বলতে পারে, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত আছে বলেই তিনি দেশে ফেরার সাহস দেখাচ্ছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অভিযোগ তুলে তাঁকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য হওয়ার কথা নয়।

ভারতকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আরও জোরালোভাবে চাপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন আসিফ নজরুল।

পোস্টের শেষে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, দেশে ফিরবেন না, বিষয়টি সবাই বোঝেন। অযথা পাসপোর্ট চেয়ে দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত