পাবনায় সার বিক্রির সময় হট্টগোল, ৬০০ বস্তা সার লুট

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

পাবনার চাটমোহরে সার বিক্রির সময় কৃষকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় এক সার ডিলারের গোডাউন ভাঙচুর করে প্রায় ৬০০ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে কৃষকদের বিরুদ্ধে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার ছাইকোলা বাজার এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে বাজারে রহমত, হবু ও নিরু ঘোষ নামের তিন জন ডিলারই সার বিতরণ করছিলেন। পাশাপাশি দোকান হওয়ায় কৃষকরা এলোমেলো ভাবে দাঁড়িয়েছেন। পরে তাদেরকে ওয়ার্ড ভিত্তিক সারিবদ্ধ হওয়ার কথা বলা হয়। এসময় হট্টোগল হয়, পরে ডিলারদের মধ্যে রহমত ও হবু নামের দুইজন ডিলার সার দেওয়া বন্ধ করে দোকান বন্ধ করে চলে যান।  

এক পর্যায়ে নিরু ঘোষের দোকানে চাপ সৃষ্টি হয়। বিতরণকালে এক পর্যায়ে কৃষকদের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। এসময় উত্তেজিত লোকজন সার ডিলার নিরু ঘোষের গোডাউনে ভাঙচুর চালায়। এ সময় গোডাউন থেকে প্রায় ৬০০ বস্তা সার লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান জানান, আমরাও এই অভিযোগ পেয়েছি। আমরা এখন ঘটনাস্থলেই আছি। সার ফেরত নেওয়ার চেষ্টা করছি। ফেরত না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত