রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রূপনগর থানা সূত্রে জানা যায়, রবিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুল (২৭) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

রামপুরা থানা সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে রামপুরার বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্যান্টনমেন্ট থানাধীন গল্ফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ চারজন, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেপ্তার করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত