বাটলারের দর্শন ধরে রাখতে চান ঋতুপর্ণাদের নতুন কোচ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ফরাসি কোচ এরিক মেয়ার। দায়িত্ব পেয়েই দলের খেলার ধরনে বড় কোনো পরিবর্তন না আনার ঘোষণা দিয়েছেন তিনি। বরং সাবেক কোচ পিটার বাটলারের ফুটবল দর্শন ধরে রেখেই পরিস্থিতি ও খেলোয়াড়দের সামর্থ্য অনুযায়ী কিছু কৌশলগত পরিবর্তন আনতে চান নতুন এই কোচ।

দুই মাসের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্ব পাওয়া মেয়ারের সামনে প্রথম চ্যালেঞ্জ সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আগামী ১ ও ৫ ডিসেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়ার বলেন, ‘শুরু থেকেই সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। আমি পিটারের দর্শন ধরে রাখব, তবে পরিস্থিতি অনুযায়ী কিছুটা পরিবর্তন আনব।’ বাংলাদেশ নারী ফুটবলের সাম্প্রতিক অগ্রগতির প্রশংসাও করেছেন এই ফরাসি কোচ। বিশেষ করে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাফল্যকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন তিনি। তবে ভবিষ্যতের জন্য তরুণ ফুটবলারদের গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন মেয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশ নারী ফুটবলে অনেক উন্নতি করেছে। সাফ টুর্নামেন্টে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও ভারতকে হারানো গুরুত্বপূর্ণ অর্জন। আফ্রিকাতেও আমি দেখেছি, প্রতিটি দেশ নারী ফুটবলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদেরও একসঙ্গে তরুণ খেলোয়াড়দের গড়ে তুলতে হবে।’ এদিকে দায়িত্ব নেওয়ার পর সাবেক কোচ পিটার বাটলারের সঙ্গেও যোগাযোগ করেছেন মেয়ার। বাটলারের কাজ ও পরিস্থিতির প্রতি সম্মান জানিয়ে বার্তা বিনিময় করেছেন তিনি।

দায়িত্ব পাওয়ার পর ইতোমধ্যে পাঁচ দিন ধরে খেলোয়াড়দের প্রোফাইল, ম্যাচের ভিডিও এবং পরিসংখ্যান বিশ্লেষণ করেছেন নতুন কোচ। তবে শুধু ভিডিও দেখে খেলোয়াড়দের সামর্থ্য সম্পর্কে পূর্ণ ধারণা পাওয়া সম্ভব নয় বলে মনে করেন তিনি। অনুশীলনে সরাসরি খেলোয়াড়দের পর্যবেক্ষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান মেয়ার। তার ভাষায়, ‘শুধু ভিডিও দেখে খেলোয়াড়দের সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া সম্ভব নয়। অনুশীলনে তাদের দেখতে হবে।’

সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচকে সামনে রেখে তাই স্বল্প সময়ের মধ্যেই দলকে প্রস্তুত করার পরিকল্পনা করছেন মেয়ার। বাটলারের রেখে যাওয়া কাঠামোর ধারাবাহিকতা বজায় রেখে নতুন কৌশলে বাংলাদেশ নারী দলকে এগিয়ে নেওয়াই এখন তার মূল লক্ষ্য বলে জানান ফরাসি এই কোচ।

সর্বশেষ সর্বাধিক পঠিত