পুঁজির সংকটে বিলুপ্তির পথে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী তাঁতশিল্প

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

হারিয়ে যেতে বসেছে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী তাঁতশিল্প। এক সময় যে গ্রামের প্রতিটি বাড়িতে দিনরাত চলত তাঁত বোনার কাজ, আজ সেসব বাড়ির অধিকাংশ তাঁতই বন্ধ। ফলে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার কিসমত কেশুরবাড়ি গ্রামে পুঁজির অভাবসহ নানা সংকটে পেশা বদলাতে বাধ্য হচ্ছেন তাঁতিরা। হারিয়ে যেতে বসা এই শিল্পকে বাঁচাতে সহজ শর্তে ঋণসহ কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।

যে গ্রামের পরিচয় ছিল ‘তাঁতপল্লী’ নামে, আজ সেই নামটাই যেন বিলুপ্তির পথে। তাঁতের খটখট শব্দের পরিবর্তে এখন পুরো গ্রামে এক অদ্ভুত নীরবতা। যে সুতোয় জীবনের গল্প বোনা হতো, তাঁতের মাকুতে আর জড়ানো হয় না সেই সুতো। হাতে গোনা কয়েকটি পরিবার বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখলেও লাভের দেখা পাওয়া দুষ্কর। তবুও তাঁতিদের চোখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন এখনো মরেনি।

তাঁতিরা জানান, আগে এই পেশায় অনেক লাভ হত। বর্তমানে লাভ তো দূরের কথা, খরচই উঠছে না। সুতা, রংসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় ভালো পণ্য তৈরি করা যাচ্ছে না।

তাঁতিদের দাবি, সরকারি-বেসরকারি সহযোগিতা, সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এই শিল্প।

এ বিষয়ে ঠাকুরগাঁও বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মো. আরমান আলী বলেন, ‘তাঁতের ঐতিহ্য ধরে রাখতে ‘একটি গ্রাম-একটি পণ্য’ প্রকল্পের জন্য জেলার ৫টি ঐতিহ্যবাহী শিল্পের নাম পাঠানো হয়েছে। অনুমোদন হলে বদলে যাবে তাঁতশিল্পীদের জীবনমান। পণ্যের মান বৃদ্ধি পেলে এখানকার তৈরি পণ্য বিদেশেও রপ্তানি করা যাবে বলে জানান বিসিক কর্মকর্তা।’

তাঁতের প্রতিটি সুতোয় জড়িয়ে আছে জেলার ঐতিহ্য আর অসংখ্য মানুষের স্বপ্ন। তাঁতশিল্প বাঁচাতে আবারও মাকুতে সুতো ভরা হবে, খটখট আওয়াজে ভরে উঠবে কিসমত কেশুরবাড়ি গ্রাম —এমনটাই প্রত্যাশা তাঁতিদের।

সর্বশেষ সর্বাধিক পঠিত