নামটি চাঁদমালা হলেও বিস্তীর্ণ জলাভূমিতে ছোট ছোট শ্বেতশুভ্র ফুল দেখে মনে হয় যেন অসংখ্য তারা ফুটে আছে। চাঁদমালা একটি জলজ উদ্ভিদ। এটি বাংলাদেশের জলাশয়, বিল-ঝিল ও ধানক্ষেতে বেশি দেখা যায়। এরা বাংলাদেশ ও ভারতের স্থানীয় উদ্ভিদ। লতানো জলজ এই উদ্ভিদের গাঁট থেকে শেকড় গজায়। এদের পাতা দেখতে শাপলা পাতার মতো হলেও আকারে অনেক ছোট। বর্ষায় ছোট ছোট অসংখ্য সাদা ফুল ফোটে। ফুলে পাপড়ির সংখ্যা হয় পাঁচটি। ফুল দেখতে দারুণ, যেন তারার মতো জলাশয়জুড়ে ভেসে থাকে। ছোট সাদা রঙের ফুলের ঠিক মাঝখানে হলুদ রঙের আভা এ ফুলকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। এর বীজ উজ্জ্বল হলুদ রঙের হয়। সকালবেলার দিকে হাওর-বিলে প্রচুর চাঁদমালা ফোটে।
আমাদের দেশের জলাভূমিতে সাধারণত দুই প্রজাতির চাঁদমালা ফুল দেখতে পাওয়া যায়। যার একটির ফুলের পাপড়িতে অসংখ্য খাঁজ থাকে এবং অন্যটির পাপড়ি মসৃণ হয়ে থাকে। উভয় প্রজাতির ফুলের কেন্দ্র্র বা পাপড়ির গোড়ার রঙ হলুদ।
এ ফুলকে কেউ ডাকে ‘পানচুলি’, কেউবা বলে ‘তারার মালা’, আবার কারও কাছে এর নাম ‘শিউলিছোপ’।
জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য, মাছের খাবার ও ফড়িংয়ের আশ্রয়ের জন্য চাঁদমালা উপকারী উদ্ভিদ। আমাদের দেশে চাঁদমালাকে সবজি হিসেবে ব্যবহার করে থাকেন হাওর অঞ্চলের লোকজন। চাঁদমালার পাতা ঔষধি গুণসম্পন্ন।