প্রিয়তোষ চৌধুরী। তার বাড়ি লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে। লাখ লাখ টাকার বিভিন্ন প্রজাতির কলা বিক্রি করে এলাকায় চমক সৃষ্টি করেছেন তিনি। শুরুতে বাজারে ছিল তার ধান ও চালের ব্যবসা। মোটামুটি সচ্ছলতার সঙ্গে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সচ্ছলভাবে চলছে। এ ছাড়াও তিনি বাড়ির পাশে পৈতৃক ৫ একর জমিতে কিছু বনজ গাছ রোপণ করেছিলেন আর অধিকাংশ জায়গা ছিল পরিত্যক্ত। তবে শৈশব থেকে ইচ্ছে ছিল কৃষি খামার করার। গ্রাম ও শহর সব জায়গায় সুস্বাদু কলার চাহিদা থাকায় ওই ৫ একর জায়গায় কলা বাগান করার সিদ্ধান্ত নেন। গত বছর থেকে জায়গা সংস্কার করে গাছ লাগানো ও পরিচর্যা করেন। বর্তমানে এ বাগানে ৫ হাজার কলাগাছের চারা রয়েছে। স্থানীয় এলাকাবাসী অনেকে এ কলা বাগান দেখতে আসেন। তার মা ও স্ত্রীর নামে করা এ সুন্দর খামারটি চরম্বা আর এম এগ্রো ফার্ম নামে পরিচিত। এ কলা বাগান দেখে এলাকার আরও অনেক তরুণ কলা চাষে উদ্ধুদ্ধ হয়েছেন।
সম্প্রতি সরেজমিন পরিদর্শনে দেখা যায়, শত শত কলার ছড়া ঝুলছে এ বাগানে। প্রতিটি কলার ছড়া ৮০০-১০০০ টাকায় বিক্রি হয়। কলাবাগানে পানি দেওয়ার জন্য পুকুর তৈরি করেছেন। তা ছাড়া কলাবাগানে ব্যবহার করছেন জৈব সার। চার-পাঁচ ফুট অন্তর অন্তর একটি চারা রোপণ করেছেন।
এ ব্যাপারে প্রিয়তোষ চৌধুরী বলেন, ২০২৫ সালের শুরুতে বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় কলাবাগান করার উদ্যোগ নিই। কিন্তু আমার মূলধন ছিল না। তাই লোহাগাড়া কৃষি ব্যাংক থেকে ১৫ লাখ টাকা ঋণ নিয়ে কাজ শুরু করি। পাঁচ হাজার বিভিন্ন জাতের যেমন রঙিন সাগর, মিষ্টি সাগর, দেশি বাংলা কলা, চাপা ও আনাচ কলার চারা রোপণ করি। প্রথম বছরেই আমি প্রায় ১৫ লাখ টাকার কলা বিক্রি করি। খরচ বাদে প্রায় সাড়ে ৭ লাখ টাকার মতো আয় হয়। বর্তমানে খামারে ৫ জন কর্মচারী নিয়মিত কাজ করেন। পাশাপাশি আমি নিজেই প্রতিদিন ২-৩ ঘণ্টা এই বাগানে কাজ করি। বর্তমানে আমার বাগানে প্রায় ২০ লাখ টাকার কলার ফলন রয়েছে। আগামী জানুয়ারির মধ্যে অবশিষ্ট কলা বিক্রি শেষ হবে। এ কলা স্থানীয় বাজারের পাশাপাশি চকরিয়া, কক্সবাজার, কতুবদিয়াসহ বিভিন্ন এলাকায় বিক্রি হয়। কলাবাগানের মধ্যে কিছু সাথি ফসলও রোপণ করেছেন যেমন আদা, হলুদ ও বিভিন্ন প্রকারের সবজি। তিনি জানান, এ ফল বাগানে পরিচর্যা করতে প্রতি মাসে প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়।
স্থানীয় তরুণ উদ্যোক্তা চরম্বা মাইজবিলা গ্রামের শরীফুল ইসলাম বলেন, প্রিয়তোষ চৌধুরীর কলাবাগান দেখে আমি ইতিমধ্যে প্রায় দুইশ কলা গাছ রোপণ করেছি। যেখানে বর্তমানে ৭০টি কলার ছড়া রয়েছে।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী সফিউল ইসলাম জানান, লোহাগাড়ার মাটি বিভিন্ন জাতের কলা চাষের জন্য উপযোগী। প্রিয়তোষ চৌধুরীর কলাবাগান তার প্রকৃত উদাহরণ। কেউ যদি কলাবাগান করতে চান, উপজেলা কৃষি অফিস তাদের সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত।