কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণে ৮ জনের আমৃত্যু কারাদন্ড

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৮ এএম

ফরিদপুরে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক কিশোরী। এ ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলায় আট যুবককে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে পৃথকভাবে দুই লাখ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধিত ২০০৩ সালের ৯(৩) ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করে এ সাজা দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (২৬), রহিম মোল্লা (২৬), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াস শিকদার (৩২), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৬)। তাদের সবার বাড়ি ফরিদপুর কোতোয়ালি থানা এলাকায়। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ফরিদপুর শহরতলির ধলার মোড় সংলগ্ন পালডাঙ্গী চরে বন্ধুর সঙ্গে দেখা করতে যান ওই কিশোরী। বন্ধু আসতে দেরি করায় তিনি পদ্মা নদীর পাশের কাশবনে ঘুরতে যান। এ সময় দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে আসামিরা তাকে জোরপূর্বক আটকে রেখে চরের কাশবনের ভেতরে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। পাশাপাশি ধর্ষণের ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন তারা। ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

পরবর্তী সময়ে ধর্ষণের ঘটনার ভিডিও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে আসে। ভিডিওটি পাওয়ার পর পুলিশ তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। ২০২০ সালের ৬ আগস্ট বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শাহীন শেখকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ঘটনার পর একই দিন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। পরে গ্রেপ্তার শাহীন শেখের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে অন্য আসামিদের শনাক্ত করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় ঘোষণা করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত