ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলে বলেন, শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন? আদালত তার নিজস্ব গতিতে চলবে, আইনও তার নিজস্ব গতিতে চলবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়া পরিষদ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার পাশাপাশি বিদেশে রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন চাইছেন। একজন মানুষের ন্যূনতম লজ্জা না থাকলে এসব কাজ করতে পারেন।
তিনি বলেন, হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের কথা ভুলে গেলেও এ দেশের মানুষ তা কখনো ভুলবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ দেশের মানুষ কখনো ভুলবে না।
স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতিতে দেশের মানুষ বিপন্ন হয়ে পড়েছিল। বিরোধী দলের কণ্ঠরোধ এবং সরকারের বিরুদ্ধে কথা বললে মানুষকে ভয়াবহ নির্যাতনের মুখে ফেলার উদ্দেশ্যে রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল।