পাঁচ দিন আগে বাবার বাড়ি থেকে ঢাকায় স্বামীর কাছে আসেন। তিন দিনের মাথায় বাবার বাড়িতে ফোন করেন এবং তাকে এসে নিয়ে যেতে বলেন। কিন্তু এর দুই দিন পরই মিলল সানজিদা আক্তার ইমার (২২) লাশ। গত রবিবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরখান হেলাল মার্কেট মেরাদিয়া রোডসংলগ্ন সোনালী পাবনা নামে একটি ১০তলা বিল্ডিংয়ের ৯/এফ ফ্লোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গতকাল সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পুলিশ।
পরিবারের অভিযোগ, স্বামী আমিনুর রহমান সানজিদাকে হত্যা করেছে। পুলিশেরও ধারণা, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে ইমাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় স্বামী আমিনুরকে গ্রেপ্তার করা হয়েছে।
সানজিদার চাচা মোস্তাফিজুর রহমান জানান, পাবনার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের এবিএম শফিকুল ইসলামের মেয়ে ইমা। পাবনা অ্যাডওয়ার্ড কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। আমিনুরের বাড়িও পাবনার গাছপাড় এলাকায়। সানজিদা ও আমিনুর দুজন দুজনকে পছন্দ করত। গত ডিসেম্বরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। আমিনুর ঢাকায় পড়াশোনার পাশাপাশি চাকরি করত বলে জানতাম। উচ্চতর ডিগ্রির জন্য দুজনে বিদেশে যাওয়ারও পরিকল্পনা ছিল। তবে বিয়ের দুই মাস পর থেকে ইমা ও আমিনুর উত্তরখানে বাসা ভাড়া নিয়ে থাকছিল। কিন্তু কয়েক মাস পর তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। ঝগড়াঝাঁটির একপর্যায়ে ইমার ওপর নির্যাতন শুরু হয়। পরে সে বাবার বাড়িতে চলে যায়। কিছুদিন পর পারিবারিকভাবে সমঝোতা হওয়ায় পাঁচ দিন আগে সানজিদা ঢাকায় ফেরে। দুই দিন আগে বাবার বাড়িতে ফোন করে বলেছিল, আর এখানে থাকতে পারবে না। তাকে এসে নিয়ে যেতে।
এরপর একদিন সানজিদাকে ফোন করে পাওয়া যায়নি। তার স্বামী আমিনুর রহমানকে ফোন দিলে সে অফিসে আছে বলে জানায়। এরপর রবিবার রাতে আমিনুর ফোনে জানায়, ইমা আত্মহত্যা করেছে। পরে তারা গিয়ে ইমার লাশ উদ্ধার করেন। ইমার পরিবারের দাবি, আমিনুর ইমাকে হত্যা করেছে।
উত্তরখান থানার এসআই মো. নিয়ার আলী বলেন, ফ্ল্যাটের একটি কক্ষের মেঝেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি পড়ে ছিল। এ ঘটনায় মৃতের বাবা এবিএম শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় আমিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আমিনুর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।