জুবাইদা-সোফির বৈঠক

নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩২ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে এ সাক্ষাৎ হয়। সাক্ষাতে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ডাচেস অব এডিনবার্গ সোফি আগামীকাল বুধবার পর্যন্ত বাংলাদেশ সফরকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারত্ব সম্পর্ক ও সহযোগিতার বিস্তৃতি তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ব্রিটেনের ডাচেস অব এডিনবরা সোফির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বৈঠকে নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা এবং রোহিঙ্গা সংকটসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে তারা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং তরুণদের জন্য সুযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ার সরকারের অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান মাতৃমৃত্যু কমানো এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবা শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এ ছাড়া পরিবার ও সমাজে আর্থিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’-এর মতো সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বিষয়েও তিনি ডাচেসকে অবহিত করেন।

জুবাইদা রহমান অতিদরিদ্র জনগোষ্ঠীর শিশু ও নারীদের জন্য শিক্ষা, শিশু সুরক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) এবং দক্ষতা উন্নয়নে ‘সুরভী’র কাজের কথা তুলে ধরেন। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগের মধ্যে তিনি শহুরে বস্তি এলাকায় ‘শিশু স্বর্গ মডেল’, ‘ব্লু স্কাই প্রোগ্রাম’ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় ‘প্রয়াস’-এর কার্যক্রমের কথা উল্লেখ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত