যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০:২৫ এএম

রাশিয়া ও ইউক্রেনের সাড়ে চার বছরের যুদ্ধের অবসানে শান্তিচুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে আবুধাবিতে দুই দিনের আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন। খবর রয়টার্সের। 

গত ফেব্রুয়ারির পর এই প্রথম সরাসরি আলোচনায় বসছে দুই দেশ। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাড়ে চার বছর ধরে চলা এই যুদ্ধের অবসানে একটি বড় ধরনের সমঝোতার সম্ভাবনার কথা জানান। তাঁর মতে, সম্ভাব্য চুক্তিতে ইউরোপের নিরাপত্তার বিষয়টিও অন্তর্ভুক্ত হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় এই আলোচনায় ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় কমিশনসহ ইউরোপের কয়েকটি পক্ষের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। তবে আলোচনায় ইউরোপীয় দেশগুলোর সরাসরি অংশগ্রহণের বিরোধিতা করেছে রাশিয়া।

এ কারণে ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার অগ্রগতি সম্পর্কে ইউরোপীয় মিত্রদের আলাদাভাবে অবহিত করবেন। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৩০ মিনিটের দিকে আলোচনা শুরু হওয়ার কথা।

সোমবার ইউক্রেনীয় প্রতিনিধিদলের প্রধান রুস্তেম উমেরভ বলেন, 'কূটনৈতিক প্রক্রিয়ায় ইউরোপ যাতে অংশীদার হিসেবে থাকে, তা নিশ্চিত করতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

এবারও রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ক্রেমলিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। তবে এবার প্রথমবারের মতো প্রতিনিধিদলে থাকছেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। এ ছাড়া রাশিয়ার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ইউরি ঝিগারলভস্কিও আলোচনায় অংশ নেবেন।

গত সপ্তাহে হোয়াইট হাউসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূতের সঙ্গে একান্ত বৈঠকের পর ট্রাম্প আশা প্রকাশ করেন, শিগগিরই একটি শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাতের অবসান আসন্ন বলে ট্রাম্প আগেও একাধিকবার মন্তব্য করেছেন। তবে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অবশ্য আলোচনা আবারও গতি পেয়েছে। এর আগে কয়েক মাস ধরে ইরান যুদ্ধকে কেন্দ্র করে ওয়াশিংটনের মনোযোগ অনেকটাই অন্যদিকে ছিল।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত