বিশ্বের সবচেয়ে উঁচু পোপের ভাস্কর্য উন্মোচন

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম

পোপ লিওর পেরু সফরের আগেই দেশটির উপকূলীয় শহর কায়াওয়ে স্থাপন করা হয়েছে তাঁর ১৪ মিটার উঁচু একটি ভাস্কর্য। আয়োজকদের দাবি, এটিই বিশ্বের সবচেয়ে উঁচু পোপের ভাস্কর্য। খবর রয়টার্সের। 

পোপ লিও পেরুতে পৌঁছানোর আগেই দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে যেন তাঁর জন্য অপেক্ষা করছে বিশাল এক প্রতিকৃতি। দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা পোপের ১৪ মিটার (৪৬ ফুট) উঁচু সাদা ভাস্কর্যটি সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

দক্ষিণ আমেরিকা সফরের শেষ এবং সবচেয়ে আবেগঘন পর্বে পেরুতে যাওয়ার কথা রয়েছে পোপের। তার আগেই রাজধানী লিমার পাশের বন্দরনগরী কায়াওয়ে স্থাপন করা হয়েছে এই বিশাল ভাস্কর্য। স্থানীয় পৌর কর্তৃপক্ষের দাবি, এটিই বিশ্বের সবচেয়ে উঁচু পোপের ভাস্কর্য।

ভাস্কর্যটিতে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রথম পোপ লিওকে সাদা ধর্মীয় পোশাকে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পেরুর মানুষ তাঁকে নিজেদের একজন হিসেবেই গ্রহণ করেছেন।

বুধবার পেরুতে পৌঁছানোর মধ্য দিয়ে পোপ লিওর ১২ দিনের দক্ষিণ আমেরিকা সফর শেষ হবে। উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু—এই তিন দেশ নিয়ে তাঁর এবারের সফর। পোপ হিসেবে দক্ষিণ আমেরিকায় এটিই তাঁর প্রথম সফর। তবে এই অঞ্চলের সঙ্গে তাঁর পুরোনো সম্পর্ক রয়েছে। একসময় সেখানে দীর্ঘদিন ধর্মপ্রচারক হিসেবে কাজ করেছেন তিনি।

৭১ বছর বয়সী পোপ এই সফরে রাজনৈতিকভাবে বিভক্ত দক্ষিণ আমেরিকায় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যার বিষয়েও কথা বলেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত