বাঁশখালীতে আগুনে পুড়ল চার দোকান

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে চারটি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে ৪০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কাথরিয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া রাস্তার মাথাসংলগ্ন আবু আহমদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো ডা. আব্দুল খালেক মাতব্বরের ওষুধের ফার্মেসি, রহমত আলী সওদাগরের পোলট্রি ও মুদিপণ্যের দোকান, হোসেন আহমদ সওদাগরের সার ও মুদিপণ্যের দোকান এবং হাসমত আলী সওদাগরের চায়ের দোকান। আগুনে দোকানগুলোর ওষুধ, মুরগি, মুদিপণ্য, সার, গ্যাস সিলিন্ডার, ফ্রিজসহ সব মালামাল পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তারা নিঃস্ব হয়ে পড়েছেন।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দোকানগুলোর মালামাল পুড়ে যায়। দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসার সাহস পাননি।

অগ্নিকাণ্ডে চার ব্যবসায়ী তাদের দোকানের সব মালামাল হারিয়ে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত