বিলুপ্তপ্রায় মাছ-পশুপাখি সংরক্ষণে সরকারের মেগা উদ্যোগ

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

পরিবেশ বিপর্যয়ের কারণে বিলুপ্তির ঝুঁকিতে থাকা দেশীয় মাছ, পশুপাখি ও বিভিন্ন প্রাণীর প্রজাতি সংরক্ষণে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার। এসব প্রজাতির বংশবৃদ্ধি নিশ্চিত করা এবং সংরক্ষণ কার্যক্রম জোরদারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

জাতীয় সংসদে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংসদের ১১৮ নম্বর প্রশ্নে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর জানতে চান, পরিবেশ বিপর্যয়ের কারণে বিলুপ্তপ্রায় পশুপাখি ও মাছের বংশবৃদ্ধি এবং সংরক্ষণে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পক্ষে মোহাম্মদ আমিন উর রশিদ জানান, দেশীয় মাছের প্রজাতি বিলুপ্তির ঝুঁকি মোকাবিলায় মৎস্য অধিদপ্তর ‘অভ্যন্তরীণ জলাশয়ে মৎস্য অভয়াশ্রম স্থাপন ও ব্যবস্থাপনা নির্দেশিকা ২০২৬’ প্রণয়ন করেছে। বিপন্নপ্রায় মাছের প্রজনন ও নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৮২৭টি অভয়াশ্রম স্থাপন করা হয়েছে।

তিনি জানান, অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে উন্মুক্ত জলাশয়ে প্রায় ২৪৪ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। একই সময়ে স্থাপন করা হয়েছে ৯৭৮টি বিল নার্সারি।

এছাড়া দেশীয় মাছের প্রজাতি রক্ষায় হাওর অধ্যুষিত সাতটি জেলায় প্রতিবছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত (১৫ জ্যৈষ্ঠ থেকে ১৪ আষাঢ়) টানা ৩০ দিন মাছ ধরা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। কারেন্ট জালসহ ক্ষতিকর ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধেও কঠোরভাবে আইন প্রয়োগ করা হচ্ছে বলে সংসদকে জানানো হয়েছে।

অন্যদিকে, বিলুপ্তপ্রায় পশুপাখি সংরক্ষণে ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এবং রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

এ লক্ষ্যে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়ন প্রকল্প’ শীর্ষক একটি মেগা প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চিড়িয়াখানা দুটির অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বন্যপ্রাণী ও বিলুপ্তপ্রায় প্রজাতির কৃত্রিম প্রজনন এবং আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।

এদিকে দেশীয় পশুপাখির জাত সংরক্ষণে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। প্রতিষ্ঠানটি বর্তমানে গয়াল, মায়া হরিণ, মুন্সিগঞ্জ ক্যাটেল, রেড চিটাগাং ক্যাটেল, পাবনা ক্যাটেল, হিলি মুরগি, গলাছিলা দেশি মুরগি, তিতির, আছিল মুরগি ও গাড়ল ভেড়ার মতো বিলুপ্তপ্রায় জাত সংরক্ষণে কাজ করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত