বিমানের অনিয়মে সংসদীয় কমিটির কঠোর নির্দেশনা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন অনিয়ম, অডিট আপত্তি, রাজস্ব ক্ষতি ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। এসব অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনা এবং সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন।

সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আগের বৈঠকের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন অডিট আপত্তি, উড়োজাহাজ কেনা ও পরিচালনায় অনিয়ম, রিজার্ভেশন ও যাত্রীসেবা ব্যবস্থার দুর্বলতা, রাজস্ব আদায়ে অনিয়ম এবং লোকসানি রুট পরিচালনার বিষয়গুলো আলোচনায় আসে।

বৈঠকে জানানো হয়, বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকলেও লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেওয়া হয়। পরবর্তী সময়ে এগুলোর পরিচালন ব্যয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের বিষয়টিও আলোচিত হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিটি। একই সঙ্গে সরকারি অর্থ অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‍্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্যও অডিটে উঠে এসেছে। অডিটের তথ্যানুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও তা বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে জমা হয়নি।

এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি শনাক্তে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত নিরীক্ষকদের সরবরাহ করতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট চালু রাখায় আর্থিক ক্ষতির বিষয়টিও অডিটে উঠে এসেছে। এ বিষয়ে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তসংক্রান্ত নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবরের সঙ্গে চুক্তি অনুযায়ী কার্যাদেশের সম্পূর্ণ কাজ সরবরাহ না করলেও পুরো অর্থ পরিশোধের বিষয়টি পর্যালোচনা করা হয়। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লিজ নেওয়া দুটি উড়োজাহাজের বিপরীতে ব্যয়ের চুক্তি ও বিলসংক্রান্ত নথি নিরীক্ষকদের সামনে উপস্থাপন করতে না পারার বিষয়টিও বৈঠকে উঠে আসে। এসব নথিপত্র আগামী ১৫ দিনের মধ্যে নিরীক্ষকদের কাছে জমা দিতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নথি উপস্থাপনের অঙ্গীকার করেছে বিমান কর্তৃপক্ষ।

কোভিডকালীন সময় ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগসংক্রান্ত অডিট আপত্তিও পর্যালোচনা করা হয়। এ ঘটনায় আগামী এক মাসের মধ্যে অভ্যন্তরীণ তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি অনিয়মে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত থাকার বিষয়টি তুলে ধরা হয়।

অডিটের নির্দেশিত অর্থ আদায়সংক্রান্ত ৪৫টি আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষের দাবিকৃত আটটি আপত্তির বিপরীতে অর্থ আদায়ের পক্ষে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেনি। ফলে অডিট বিভাগ এসব নথি গ্রহণ করেনি। এ ছাড়া অনাদায়ী অর্থের বিষয়টিও আলোচনায় আসে।

এসব অডিট আপত্তি নিষ্পত্তি, অনাদায়ী অর্থ উদ্ধার এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি জানাতে সুনির্দিষ্ট সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনাসহ আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, অনাদায়ী রাজস্ব উদ্ধার এবং অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিমানকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক, দক্ষ ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংসদ সচিবালয়, মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত