খুলনায় প্রায় ২০ ঘণ্টার ব্যবধানে ককটেল নিক্ষেপ, রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে ও উপজেলা বিএনপির ওয়ার্ড অফিসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় নগরী ও আশপাশের এলাকায় উদ্বেগ বাড়ছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথকভাবে এই ঘটনাগুলো ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
সর্বশেষ মঙ্গলবার রাত ৪টার দিকে খুলনা রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতে আগুন লাগে। এতে বগির একটি আসন ক্ষতিগ্রস্ত হয়।
স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, ঢাকা থেকে আসা ট্রেনটি রাত ১২টার দিকে খুলনা স্টেশনে পৌঁছায়। পরে বগিতে আগুন লাগার বিষয়টি নজরে এলে দ্রুত তা নিভিয়ে ফেলা হয়।
কিভাবে এই ঘটনা ঘটেছে তা তিনি জানেন না, তবে তিনি অনুমান করেনত, বগিতে ঘুমানোর জন্য জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হলে তা পুরো বগিতে ছড়িয়ে পড়তে পারত।
রেলওয়ে খুলনার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী শামীম হোসেন বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত আসনটি মেরামতের জন্য সকালে বগিটি সরিয়ে ওয়ার্কশপে নেওয়া হয়েছে। পরে বেলা ১১টার দিকে বগি পরিবর্তন করে ট্রেনটি মহানন্দা নামে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে খুলনার দৌলতপুরে কৃষক দলের নেতাকর্মীদের একটি ঘরোয়া আলোচনা সভা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেভ অ্যান্ড সেভের সামনে একটি টিনশেড কক্ষে এ সভা চলছিল। তবে নিক্ষিপ্ত ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হননি।
মহানগর কৃষক দলের আহ্বায়ক সজিব তালুকদার বলেন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ওই কক্ষে আলোচনা সভা চলছিল। এ সময় দুর্বৃত্তরা সভা লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।
দৌলতপুর থানার ওসি আলিমুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। কৃষক দলের নেতাকর্মীদের সভা চলাকালে সভাস্থলের সামনে এটি নিক্ষেপ করা হয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। অপরাধীদের গ্রেপ্তার করার জন্য তৎপরতা চলছে।
মঙ্গলবার ভোর ৬টায় খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মোটরসাইকেল যোগে ৫/৬ জন যুবক এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেল যোগে কয়েকজন যুবক আতঙ্ক সৃষ্টি করার জন্য বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে তা নিভিয়ে ফেলেন। ঘটনাস্থলে পেট্রোলের বোতল ও পেট্রোলের গন্ধ পাওয়া গেছে বলেও তারা জানিয়েছে।
বটিয়াঘাটা থানা বিএনপির সদস্য সচিব মো. ফারুক তালুকদার বলেন, ভোর সাড়ে ৬টার দিকে একটি সন্ত্রাসী গ্রুপ মোটরসাইকেলে এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে তিনটি মোটরসাইকেলে পাঁচ যুবক এসে কার্যালয়ের ব্যানারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।
ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা শহর থেকে এসে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার জন্য তৎপরতা শুরু করেছে।