শিক্ষাজীবনে সাফল্যের পেছনে অবদান রাখা প্রত্যেক মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং কর্মজীবনে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু কর্মসংস্থান বা অর্থনৈতিক সাফল্য অর্জন নয়। বরং নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই শিক্ষার প্রকৃত লক্ষ্য। ব্যক্তিগত অর্জনের চেয়ে সেই অর্জন দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কতটা কাজে আসছে, তার ওপরই প্রকৃত সাফল্য নির্ভর করে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।
নবীন স্নাতকদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, তাদের আজকের সাফল্য কেবল নিজেদের মেধা, অধ্যবসায় ও নিষ্ঠার ফল নয়। এর পেছনে বাবা-মা, শিক্ষক, ভাইবোন, বন্ধু এবং সমাজের অসংখ্য মানুষের অবদান রয়েছে। এমনকি বাসার গৃহসহায়ক, প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়া রিকশাচালক কিংবা প্রবেশপথে দায়িত্ব পালনকারী নিরাপত্তাকর্মীরাও তাঁদের শিক্ষাজীবন সম্পন্ন করার পথ সহজ করেছেন।
এসব মানুষের অবদান স্মরণ করে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, পৃথিবীর সব সম্পদ দিয়েও কখনো কখনো যা অর্জন করা সম্ভব হয় না, একটি আন্তরিক ‘ধন্যবাদ’ দিয়ে তা অর্জন করা যায়।
নৈতিক মূল্যবোধের প্রয়োজনীয়তা তুলে ধরে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, নৈতিকতাহীন শিক্ষা মানুষকে দক্ষ করে তুলতে পারে, কিন্তু সেই দক্ষতা মানবকল্যাণে ব্যবহারের সঠিক দিকনির্দেশনা দিতে পারে না। তাই বস্তুগত অর্জনের পাশাপাশি চরিত্র, প্রজ্ঞা, বিবেক ও মানবিক গুণাবলির বিকাশেও সমান গুরুত্ব দিতে হবে।
এ প্রসঙ্গে কবি টি. এস. এলিয়টের কবিতার ভাবার্থ উল্লেখ করে তিনি বলেন, জীবনযাপনের ব্যস্ততায় আমরা জীবনের প্রকৃত অর্থ, জ্ঞানের অন্বেষণে প্রজ্ঞা এবং তথ্যের সমারোহে প্রকৃত জ্ঞান হারিয়ে ফেলছি কি না, তা নিয়ে ভাবা প্রয়োজন।
তিনি আরও বলেন, জীবনে যত বড় সাফল্যই আসুক না কেন, সততা, ন্যায়বোধ ও মানবিকতা থেকে কখনো সরে আসা যাবে না। মানুষের পাশাপাশি প্রকৃতি, পরিবেশ ও পৃথিবীর প্রতিও কৃতজ্ঞতা এবং দায়িত্বশীল আচরণ গড়ে তুলতে হবে।
দেশের অর্থনৈতিক লক্ষ্য তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং এক কোটি নতুন উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টি দেশের অন্যতম লক্ষ্য। এসব লক্ষ্য অর্জনে তরুণদের মেধা, সততা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, যোগাযোগ, নেতৃত্ব, দলগত কাজ, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিক্ষকদের সক্ষমতা বাড়ানো, গবেষণার সুযোগ সম্প্রসারণ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরি এবং সুশাসন নিশ্চিত করা জরুরি।
বক্তব্যের শেষ পর্যায়ে নবীন স্নাতকদের অভিনন্দন জানিয়ে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, তাঁদের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। স্বপ্ন বাস্তবায়নে সাহসী হওয়ার পাশাপাশি প্রতিটি কাজে সততা, নিষ্ঠা ও মানবিকতার পরিচয় দিতে হবে। তাঁদের মেধা, উদ্ভাবনী শক্তি ও নৈতিক নেতৃত্বের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ, মানবিক ও আলোকিত বাংলাদেশ।