সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি কেবল নিয়মরক্ষার বেড়াজালে আটকে নেই। আজ রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে গ্রুপ সেরা হওয়ার পাশাপাশি সেমিফাইনালের আগে নিজেদের রণকৌশল ও কম্বিনেশন আরও একবার ঝালিয়ে নেওয়ার মোক্ষম সুযোগ রয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের সামনে।
ক্লাব ফুটবলের ব্যস্ততা কাটিয়ে এই ম্যাচে দলের সঙ্গে যোগ দিয়েছেন তারকা হামজা চৌধুরী ও ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ, যা দলের আক্রমণভাগকে করেছে আরও বেশি শাণিত। যদিও রোনান সুলিভান বা বিশ্বনাথ ঘোষের মতো চোটের মিছিল কিছুটা অস্বস্তিতে রাখলেও, ঘরের মাঠে ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর মিশনে কোনো ছাড় দিতে নারাজ স্বাগতিকরা।
এদিকে স্বাগতিকদের এই গ্রুপ সেরা হওয়ার সমীকরণের বিপরীতে ভিন্ন এক সমীকরণ নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা। টুর্নামেন্টে নিজেদের বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে ড্র বা জয়, দুটোই সমান জরুরি লঙ্কানদের জন্য। ম্যাচটির গুরুত্ব ও উত্তাপ কতটা তীব্র, তা স্পষ্ট হয়ে উঠেছে শ্রীলঙ্কার হেড কোচ আবদুল্লাহ আল মুতাইরির কথায়।
ম্যাচের আগের দিন আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার কোচ ম্যাচটিকে আসরের সেরা ম্যাচ হিসেবে অভিহিত করে বলেন, ‘এটি সাফের সেরা ম্যাচ হবে। টিকে থাকতে আমাদের জিততে বা ড্র করতে হবে।’
সাফের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের কৌশল এবং দক্ষিণ এশীয় ফুটবলের চালচিত্র নিয়ে আল মুতাইরি আরও যোগ করে বলেন, ‘ফুটবলে একটি মাত্র নিয়ম রয়েছে, জেতো অথবা মরো। এই সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে আমাদের জিততে বা ড্র করতে হবে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামব, বিশেষ করে যখন ম্যাচটি রাত ৮টায় অনুষ্ঠিত হচ্ছে।’ এ সময় কিছুটা রসিকতা করে তিনি আরও বলেন, ম্যাচ জিতলে তিনি বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মতো নাচবেন।
বাংলাদেশ দলে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি এবং হামজার আগমন নিয়ে কথা বলতে গিয়ে শ্রীলঙ্কান কোচ প্রশংসার জানান, ‘তারা কেউ বিদেশি নন; তাদের ধমণীতেও একই রক্ত প্রবাহিত হচ্ছে। হামজা চৌধুরীর মতো খেলোয়াড়দের ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ও বিমানবন্দরের পরিবেশ পুরো এশিয়াকে গর্বিত করে।’
হার্টে অস্ত্রোপচারের দুই দিন পরেই বিশ্বকাপে খেলেছিলেন যে ফুটবলার