বাঁশখালীতে পাহাড়ি চড়া কেটে বালু লুটের অভিযোগ

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে ডেইল্লাঘোনা পাহাড়ি চড়া থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রশাসনের দেওয়া শর্তের তোয়াক্কা না করে ব্যক্তিগত জায়গা থেকে বালু সরানোর অনুমতির অপব্যবহার করে একটি প্রভাবশালী সিন্ডিকেট এই অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এর ফলে একদিকে যেমন পাহাড়ি ভূ-প্রকৃতি ধ্বংস হচ্ছে, অন্যদিকে ভারী যানবাহনের চলাচলে গ্রামীণ রাস্তাঘাট ও সাধারণ মানুষের ঘরবাড়ি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

সরেজমিনে বুধবার (১১ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন কালে অনুসন্ধানে জানা যায়, পুঁইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাপোড়া এলাকার ডেইল্লাঘোনা পাহাড়ি চড়ায় দীর্ঘদিন ধরে বালু জমে রয়েছে। স্থানীয় মৃত কবির আহমদের পুত্র নেজাম উদ্দীন ওই জায়গাটি ব্যক্তিমালিকানাধীন দাবি করে তা অপসারণের জন্য প্রশাসনের কাছে আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে কোনো ধরনের ভারী যন্ত্রাংশ, ভেকু বা যন্ত্রচালিত যানবাহন ব্যবহার না করার শর্ত সাপেক্ষে ব্যক্তিগত জায়গা থেকে বালু অপসারণের অনুমতি প্রদান করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন।
​
তবে অভিযোগ রয়েছে, এই অনুমতির আড়ালে পাহাড়ি চড়া থেকে শুরু করে ভিলেজারপাড়া ও মীরাপাড়া এলাকা পর্যন্ত নিয়মবহির্ভূতভাবে চলছে বালু লুটের মহোৎসব। দিনের বেলা মেশিন, বেলচা ও কোদাল দিয়ে বালু কেটে স্তূপ করা হলেও সন্ধ্যা নামলেই শুরু হয় আসল তাণ্ডব। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় এলাকাবাসী জানান, দিনের বেলায় বেলচা বা কোদাল দিয়ে সন্ধ্যা থেকে সারারাত ধরে মেশিন বসিয়ে চড়া থেকে বালু উত্তোলন করা হয়। এরপর ১০ থেকে ১৫টি ভারী ডাম্পার ও ট্রাকযোগে সেই বালু অন্যত্র পাচার করা হয়। স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই অবৈধ বাণিজ্য অব্যাহত রেখেছে। বালুবাহী অতিরিক্ত ও ভারী ট্রাক চলাচলের কারণে এলাকার কাঁচা-পাকা রাস্তাঘাট ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং ধুলোবালি ও কম্পনে স্থানীয় বসতঘরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তারেকুল ইসলাম জানান, "পাহাড়ি চড়া থেকে এভাবে অনুমতি ছাড়া বা শর্ত ভঙ্গ করে বালু উত্তোলনের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এতে গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।"

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন বলেন, "ব্যক্তিগত জায়গা থেকে বালু অপসারণের একটি আবেদন সাপেক্ষে কোনো ধরনের ভারী যন্ত্রপাতি ও যানবাহন ব্যবহার না করার শর্তে সীমিত পরিসরে অনুমতি দেওয়া হয়েছিল। যদি কেউ শর্ত ভঙ্গ করে মেশিন বা ভেকু দিয়ে পাহাড়ি চড়া কেটে বা ভারী ট্রাকে করে অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে যায়, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

অন্যদিকে কালীপুর ইউনিয়ন পরিষদের পূর্ব দিকে পাহাড়ি চড়া থেকে দিনে রাতে বেলচা কিংবা মেশিন দিয়ে বালু উত্তোলন করে ট্রাকে ট্রাকে বালু উত্তোলন করা হচ্ছে তাও রাজনৈতিক দলের প্রভাব বিস্তারিত করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত