ম্যাচ শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আক্রমণাত্মক রূপ ধারণ করে বাংলাদেশ। খেলার প্রথম মিনিটেই রাকিবের বাড়ানো ক্রসে শ্রীলঙ্কার রক্ষণভাগে ভীতি তৈরি করে লাল-সবুজ প্রতিনিধিরা। এরপর চতুর্থ মিনিটে বক্সের ঠিক সামনে ফ্রি কিক পেলেও হামজা চৌধুরীর শট গোলবার খুঁজে নিতে পারেনি। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের।
খেলার বয়স যখন ঠিক ৮ মিনিট, তখনই কাঙ্ক্ষিত সেই সাফল্য এনে দেন শমিত। হামজার একটি নিখুঁত ক্রসের পর তা পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরা। গোলকিপারের হাত থেকে ফেরা বল এক লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে চলে আসে শমিতের পায়ে। প্রথম দফায় প্রতিপক্ষের বাধা পেলেও মুহূর্তের মধ্যে নেওয়া দ্বিতীয় শটে ঠিকই বল জালে জড়িয়ে দেন তিনি।
ম্যাচের শুরুতেই এই গোলের সুবাদে আত্মবিশ্বাসী সূচনা পেল বাংলাদেশ। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এই দ্রুততম লিড দলটিকে মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখবে।
জাতীয় দলের জার্সিতে এই শমিতের দ্বিতীয় গোল। এর আগে গত বছরের অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে এই ঢাকা জাতীয় স্টেডিয়ামেই লাল-সবুজদের হয়ে প্রথম গোল করেছিলেন শমিত। সেই ম্যাচটি ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৩-৪ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।