কয়েদির পেটে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

পেটে একে একে জমা হয়েছিল অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা। একপর্যায়ে তীব্র পেটব্যথা ও শারীরিক জটিলতা দেখা দিলে হাসপাতালে নেওয়া হয় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদিকে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে তার পেট থেকে এসব বস্তু বের করেন চিকিৎসকরা।

কারাগার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাত ৭টা ২০ মিনিটে কয়েদি হাসমত আলীকে (৪৪) কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়।

তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে বন্দি রয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, হাসমত আলী ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ নামের জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ৪ নভেম্বর তার পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকরা অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন বলেন, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তার বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে বন্দি অবস্থায় মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। পরে কারা কর্তৃপক্ষ তাকে পরিচ্ছন্নতাকর্মীর (সুইপার) দায়িত্ব দেয়।

জেল সুপার আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার সংগ্রহ করতেন হাসমত। পরে সেগুলো খেয়ে ফেলতেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত