উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে আর বাধা নেই

৫৫ চাকরিপ্রত্যাশীর জন্য ৫৫টি পদ সংরক্ষিত রেখে ২ হাজার ৩৬০ পদে নিয়োগ কার্যক্রম চালানোর সুযোগ পেল সরকার।

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম

উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ কার্যক্রম নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন ২ হাজার ৩৬০টি পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা থাকছে না। তবে রিট আবেদনকারী ৫৫ জন চাকরিপ্রত্যাশীর জন্য ৫৫টি পদ শূন্য রাখতে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী। অন্যদিকে, রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

আদালত সূত্রে জানা যায়, উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে গত ৬ সেপ্টেম্বর সরকার চার সদস্যের একটি কমিটি গঠন করে। এই কমিটি গঠনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ৫৫ জন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটের প্রাথমিক শুনানি শেষে গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২ হাজার ৩৬০টি উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ কার্যক্রম স্থগিতের আদেশ দেন।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সরকার লিভ টু আপিল করে। শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। তবে রিট আবেদনকারী ৫৫ জনের জন্য ৫৫টি পদ শূন্য রাখার নির্দেশনা বহাল থাকে।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, চেম্বার আদালতের এই আদেশের ফলে ২ হাজার ৩৬০টি পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা থাকল না। এর মধ্যে ৫৫টি পদ রিট আবেদনকারীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। নিয়োগসংক্রান্ত কমিটি ওই পদগুলো শূন্য রেখে বাকি পদগুলোর বিষয়ে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত