ট্রাম্পের নিশানায় ‘ইসরায়েল’

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ এএম

ইরান যুদ্ধের ব্যয়ের ক্ষতিপূরণ হিসেবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের কাছ থেকে অর্থ আদায়ের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি যেসব দেশকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিয়েছে, তাদের যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় করা ‘শতভাগ অর্থই পরিশোধ করতে হবে’। গত রবিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের সংবাদদাতা রস ডুথাটকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনে হারের ধাক্কা সামলাতে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে ভোটারদের সন্তুষ্ট করতেই ট্রাম্প এমন অবাস্তব ও অহংকারপূর্ণ দাবি তুলেছেন। সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ‘আমরা সব অর্থ ফেরত নেব। তারা শতভাগ অর্থই দেবে। কারণ, আমরা না থাকলে তাদের অস্তিত্বই থাকত না’। সাক্ষাৎকারে ট্রাম্প এবারই প্রথম সরাসরি ইসরায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প ও তার দল বড় ধরনের ধাক্কা খাওয়ার পরই মূলত এই ক্ষতিপূরণের দাবি সামনে এলো। ইরান যুদ্ধ নিয়ে দেশটির জনগণের অসন্তোষই এই পরাজয়ের অন্যতম কারণ ছিল বলে স্বয়ং প্রেসিডেন্টও স্বীকার করেছেন। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ‘আমরা ইরানের পারমাণবিক অস্ত্রভা-ার ধ্বংস করে দিয়েছি। আমরা যদি তা না করতাম, তবে এ মুহূর্তে ইসরায়েল নামের কোনো দেশের অস্তিত্ব থাকত না, ইসরায়েল পুরোপুরি মুছে যেত’। এর আগে গত জুলাইয়ে ট্রাম্প পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেও ক্ষতিপূরণ আদায়ের কথা বলেছিলেন। তার যুক্তি ছিল, হরমুজ প্রণালিতে তাদের বাহিনীর নিরাপত্তার সুফল ভোগ করছে এ অঞ্চলের ধনী দেশগুলো। ওই সময় ট্রাম্প বলেছিলেন, ‘আমরা বিশ্বের অত্যন্ত ধনী একটি অঞ্চলকে পাহারা দিচ্ছি এবং এর পেছনে আমাদের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। ফলে এ সুরক্ষার বিনিময়ে আমরা অবশ্যই ক্ষতিপূরণ বুঝে নেব’।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে দেশটির ব্যয় হয়েছে ৪৭.১ বিলিয়ন ডলার। তবে প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে। কারণ পশ্চিম এশিয়াজুড়ে থাকা সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি এই হিসাবের অন্তর্ভুক্ত নয়। তবে যুদ্ধ শুরু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে শুরু থেকেই মতবিরোধ রয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালালেও উপসাগরীয় দেশগুলোর দাবি, ওয়াশিংটন এ বিষয়ে আগাম সতর্কবার্তা দেয়নি। অথচ যুদ্ধের জেরে ইরানের একের পর এক পাল্টা হামলার প্রধান শিকার হতে হয়েছে এই দেশগুলোকেই।

বিশ্লেষকদের ধারণা, সরাসরি ক্ষতিপূরণ আদায়ের সম্ভাবনা কম। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের ‘মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা’ কর্মসূচির সহযোগী ফেলো নিল কুইলিয়াম আলজাজিরাকে বলেন, ট্রাম্পের এ বক্তব্যকে গুরুত্ব দিয়ে গ্রহণ করার মতো কোনো নীতিগত প্রস্তাব হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত এক ধরনের ‘রাজনৈতিক বার্তা’। কুয়েত ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও চ্যাথাম হাউসের সহযোগী ফেলো বদর আল-সাইফও প্রায় একই ধরনের মন্তব্য করেছেন। তার মতে, উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের এ মন্তব্যকে খুব একটা পাত্তা দেবে না। তিনি বলেন, ‘আমার মনে হয় ট্রাম্পের এই বক্তব্য মূলত নিজের দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভোটারদের সন্তুষ্ট করার উদ্দেশ্যে। উপসাগরীয় দেশগুলোও বিষয়টিকে সেভাবেই দেখবে’।

উপসাগরীয় অঞ্চল ও উত্তর আফ্রিকার নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিশ্লেষক স্টেফান লুকাসও ট্রাম্পের বক্তব্যের পেছনে অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব-নিকাশের বিষয়টি তুলে ধরেছেন। তার মতে, ট্রাম্প এখন ‘দোষ’ চাপানোর জন্য কাউকে খুঁজছেন। মধ্যবর্তী নির্বাচনের ফলাফল থেকে মানুষের মনোযোগ সরাতে তিনি নিজের সর্বোচ্চ চেষ্টা করছেন। আলজাজিরাকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের কাছ থেকে বড় অঙ্কের ক্ষতিপূরণ আদায় করা হবে, এমন সম্ভাবনা কম। কিংবা এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার আশঙ্কাও তিনি দেখছেন না। তবে তার মতে, ইসরায়েলের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায়ের বিষয়ে ট্রাম্প তুলনামূলকভাবে বেশি আগ্রহী হতে পারেন। বিশেষ করে, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করার ঘোষণা দেওয়ার পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। লুকাসের ভাষ্য, ট্রাম্পের দৃষ্টিতে ‘ইসরায়েলই তাকে ইরানের সঙ্গে একটি বিপর্যয়কর যুদ্ধে জড়িয়েছে’। এ কারণেই ইসরায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে তিনি বেশি আগ্রহী হতে পারেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত