আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ, ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট পুলিশিং ও প্রশিক্ষণের ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আইজিপি আন্তদেশীয় অপরাধ দমন এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত