মহানগর শপিং কমপ্লেক্সে ব্যবসায়ীদের বিক্ষোভ, চাঁদাবাজির অভিযোগ

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজদের দৌরাত্ম্য ও মহানগর শপিং কমপ্লেক্স দখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছেন মার্কেটটির ব্যবসায়ীরা। এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মার্কেটের চেয়ারম্যান আলহাজ আব্দুর রহমান। পাশাপাশি নিজের জানমালের নিরাপত্তা ও গাড়ি ভাঙচুরের হুমকির অভিযোগও করেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

মার্কেট কর্তৃপক্ষের অভিযোগ, গত বুধবার গোলাম মাওলা নামের এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন মহানগর শপিং কমপ্লেক্সের সামনে স্লোগান দিয়ে মার্কেট দখলের চেষ্টা করেন। এ সময় সরকারদলীয় নেতাকর্মী পরিচয়ে তাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ ঘটনায় বৃহস্পতিবার মার্কেট সমিতির পক্ষ থেকে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সমাবেশে আব্দুর রহমান বলেন, চাঁদাবাজদের কারণে পুরো গুলিস্তান এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে এবং নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কাজ করতে পারে, সে পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই ৫ আগস্টের পরিবর্তন এসেছে। চাঁদাবাজদের দৌরাত্ম্য প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এসব চাঁদাবাজ কখনোই সরকারের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। বরং তাদের কর্মকাণ্ড দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কেট চেয়ারম্যান বলেন, চাঁদাবাজরা তার জানমালের ক্ষতি করার পাশাপাশি গাড়ি ভাঙচুরের হুমকি দিচ্ছে। একই সঙ্গে মার্কেট দখলেরও চেষ্টা চালাচ্ছে।

ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মহানগর শপিং কমপ্লেক্সের সব বৈধ কাগজপত্র রয়েছে। নিয়মিত সরকারকে ভ্যাট ও ট্যাক্স দেওয়া হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টার্সের পাশেই কীভাবে একটি মার্কেট দখলের চেষ্টা হয়, সে প্রশ্নও তোলেন তিনি। এ সময় গোলাম মাওলা, জাহাঙ্গীর আলম মাজাহার, দেলোয়ার হোসেন ও কামাল নামের ব্যক্তির পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন।

বক্তব্যের শেষ পর্যায়ে অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মার্কেটের পরিচালক মাসুদুর রহমান পারভেজ, শেখ শাকিল, আবু সাঈদ চৌধুরী হিমু, এরশাদসহ মার্কেটের ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত