নোয়াখালীর সুবর্ণচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ তিন যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার ব্রিজসংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চরজব্বর থানার শিউলি আকরাম বাজারসংলগ্ন হাজী গ্রামের কামাল হোসেনের ছেলে মো. আবদুল করিম (১৭)। সে পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল এবং বৃহস্পতিবারই সে টেস্ট পরীক্ষা দিয়েছিল। নিহত অপর দুজন হলেন, পূর্ব চরবাটা ইউনিয়নের আদর্শগ্রাম বেড়িবাঁধ এলাকার মো. আবু তাহেরের ছেলে শাহাদাত (১৯) এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)।
জানা গেছে, নিহত শাহাদাত আগে নদীতে কাজ করলেও বর্তমানে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কাঞ্চন বাজার ব্রিজসংলগ্ন সড়কে দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় আরোহীরা ছিটকে পড়ে গুরুতর জখম হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল করিম ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় শামীমকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তিন যুবকের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।