সেমিফাইনালে বিদায় যুবাদের

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ এএম

ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারল না যুবারা। ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়েও প্রতিপক্ষকে কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি তারা। ফলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশের। গতকাল আল আমেরাতে প্রথমে ব্যাটিং করে ৩১ ওভার ৪ বলে ১৩৮ রানে অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা। লক্ষ্য তাড়ায় ২১ ওভার ৫ বলে ১ উইকেট হারিয়ে জয় নেয় পাকিস্তান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় যুবারা। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান আবদুল্লাহ আল মুহি। অধিনায়ক ফরিদ হাসানের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েন ৪৩ রানের জুটি। ফরিদ ১৭ রান করে ফিরলেও মুহি তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ৪৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করেন তিনি।

পরে আল রাফির ২০ ও রাকিবুল হোসেনের ২৬ রানের ইনিংসেও শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। দুই ওপেনার হায়াম খান ও উসমান খান মিলে গড়েন ১২৩ রানের দুর্দান্ত জুটি। ৬৯ রান করে হায়াম ফিরলেও জয়ের বাকি কাজ অনায়াসে শেষ করেন উসমান ও আবদুল কাদির। ৫৪ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন উসমান। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি পান রবিউল হাসান অনিক। এমন একতরফা পরাজয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠার সুযোগ হারিয়ে বিদায় নিতে হয়েছে বাংলাদেশের যুবাদের।

সর্বশেষ সর্বাধিক পঠিত