দক্ষিণ আফ্রিকার চোখে শক্তিশালী বাংলাদেশ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ এএম

একসময় দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রতিপক্ষের গতি ও বাউন্স সামলানো। স্পিননির্ভর দল হিসেবে পরিচিত বাংলাদেশকে পেস সহায়ক কন্ডিশনে ভুগতে দেখা যেত। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। ব্যাটিংয়ে যেমন গভীরতা বেড়েছে, তেমনি পেস আক্রমণেও যোগ হয়েছে ধার। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ ড্র করে ফেরার পর লাল-সবুজের প্রতিনিধিদের এমন পরিবর্তিত শক্তিমত্তা এখন প্রতিপক্ষেরও নজর কেড়েছে। আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রোটিয়া ক্রিকেটারদের কথায় অন্তত তেমন ইঙ্গিত। শুধু প্রতিপক্ষ হিসেবে নয়, বাংলাদেশের বর্তমান দলকে নিজেদের জন্য কঠিন পরীক্ষার নাম হিসেবেই দেখছেন তারা। দলটির স্পিনার সাইমন হার্মারের চোখে, এবারই সবচেয়ে শক্তিশালী দল নিয়ে গিয়েছে বাংলাদেশ।

সুপার স্পোর্টসের সঙ্গে আলোচনায় হার্মার বলেন, ‘আমরা এখন পর্যন্ত বাংলাদেশের যত দলের মুখোমুখি হয়েছি, এটিই হতে যাচ্ছে সবচেয়ে শক্তিশালী দল। বাংলাদেশ প্রচুর উন্নতি করেছে। তাদের এমন কিছু বোলার আছে, যারা প্রচণ্ড গতিতে বল করতে পারে, ভালো স্পিনার আছে এবং ভালো ব্যাটসম্যানও রয়েছে। তাই এটি একটি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে।’

হার্মারের কথার সঙ্গে অনেকটাই একমত দক্ষিণ আফ্রিকার আরেক অভিজ্ঞ স্পিনার কেশভ মহারাজ। বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানের কথা আগে থেকেই স্বীকৃত ছিল। তবে টেস্ট ক্রিকেটেও দলটির উন্নতি এখন স্পষ্ট বলে মনে করেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্রকে নাজমুল হোসেন শান্তদের জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন মহারাজ, ‘বাংলাদেশ আসলেই খুব ভালো করছে। সাদা বলের ক্রিকেটে তারা সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল ছিল, আর এখন অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ ড্র করে ফিরে এসেছে, যা তাদের জন্য দীর্ঘ সময়ের মধ্যে বড় অর্জন। তাই এই দলটিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

সফরকারীদের শক্তিমত্তার পরিবর্তন আলাদাভাবে নজর কেড়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামেরও। একসময় স্পিননির্ভর বোলিং আক্রমণ ও স্পিন ভালো খেলা ব্যাটসম্যানদের জন্য পরিচিত ছিল বাংলাদেশ। কিন্তু এখন পেস ও বাউন্স সামলানোর সামর্থ্যও দলটির ব্যাটিংয়ে তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক উইকেটে প্রতিপক্ষকে চাপে ফেলার মতো বোলিং আক্রমণও রয়েছে বাংলাদেশের। একই অনুষ্ঠানে মার্করাম বলেন, ‘তারা সবসময়ই স্পিনের বিপক্ষে ভালো খেলে এবং তাদের বোলিং আক্রমণে ভালো স্পিনারও আছে। তবে এখন তারা প্রমাণ করছে যে পেস এবং বাউন্স সামলানোর মতো ব্যাটসম্যানও তাদের রয়েছে, পাশাপাশি পেস-সহায়ক কন্ডিশনে দ্রুতগতিতে এবং সঠিক জায়গায় বল করার মতো দারুণ বোলিং আক্রমণও তাদের আছে।’

বাংলাদেশের এই ভারসাম্যপূর্ণ হয়ে ওঠার পেছনে অস্ট্রেলিয়া সফরের পারফরম্যান্সকে বড় প্রমাণ হিসেবে দেখছেন প্রোটিয়া অধিনায়ক, ‘আমার মনে হয়, তারা এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও পরিপূর্ণ একটি দল, আর অস্ট্রেলিয়ায় তারা যা করেছে, সেটিই এর প্রমাণ। আমার কোনো সন্দেহ নেই যে তারা এখানেও একই মানসিকতা নিয়ে আসবে, আর তাই আমাদের ২০০ শতাংশ প্রস্তুত থাকতে হবে এবং একটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের জন্য অপেক্ষা করতে হবে।’

স্বাগতিকদের এই সতর্ক অবস্থানের মধ্যেও বাংলাদেশের জন্য বাস্তবতা যে কঠিন, সেটি মনে করিয়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে দক্ষিণ আফ্রিকার বর্তমান দলকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে স্বীকার করলেও নিজেদের সেরাটা খেলতে পারলে অন্তত একটি টেস্ট জেতা সম্ভব বলে মনে করেন তিনি। গতকাল মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের সদ্য সাবেক ব্যাটিং কোচ বলেন, ‘ওয়ান্ডারার্সে (প্রথম টেস্টের ভেন্যু) খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি, সেখানে ভালো উইকেটই হবে। সবার জন্যই চ্যালেঞ্জ থাকবে। আশা করব, আমাদের খেলোয়াড়রা সাহস নিয়ে খেলবেন। দক্ষিণ আফ্রিকা নিঃসন্দেহে এই মুহূর্তে কঠিন প্রতিপক্ষ। তারপরও বিশ্বাস করি, আমরা যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি এবং প্রত্যেকে নিজের সামর্থ্যরে সর্বোচ্চটা দিতে পারে, তাহলে দুই টেস্টের অন্তত একটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব।’

সর্বশেষ সর্বাধিক পঠিত