শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে উচ্ছ্বাসে ভাসতে চান না সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়া। সামনেই সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান। তার মতে, পরের ম্যাচে ভালো করতে পুরো স্কোয়াডকেই প্রয়োজন বাংলাদেশের। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের পারফরম্যান্স, ফারহান আলীর দুর্দান্ত গোল, সাদ উদ্দিনের চোট এবং হামজা চৌধুরীর নেতৃত্ব নিয়ে কথা বলেছেন তিনি।
যা দেশ রূপান্তরের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ে হামজা বন্দনায় মজেছে পুরো দেশ। আপনার ভাবনা কী?
জামাল ভূঁইয়া : হামজা এটা ডিজার্ভ করে। ও ভালো খেলেছে। আর হামজা সম্ভবত বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবলার। অবশ্যই সে সবচেয়ে বড় তারকা, দলের সেরা খেলোয়াড়। হামজার জন্য আমি খুব খুশি।’
শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। চার গোলের জয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠা, সব মিলিয়ে কেমন লাগছে?
জামাল : ম্যাচটা ভালো ছিল। আমরা চারটি গোল করেছি, এটা ভালো দিক। আবার ক্লিনশিটও রেখেছি। সব মিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। তবে এখন আমাদের মনোযোগ পাকিস্তান ম্যাচে। কারণ আমার মনে হয়, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।
ফারহান আলী ওয়াহিদ শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ একটি গোল করেছেন। গোলটি আপনার কেমন লেগেছে?
জামাল : সম্ভবত জাতীয় স্টেডিয়ামে দেখা সেরা গোলগুলোর একটি এটি। আমার মনে হয়, হামজার বাইসাইকেল কিক এবং ফারহানের গতকালের গোল, দুটিই সেরা গোলের তালিকায় থাকবে। ফারহানের গোলটি অবশ্যই সেরা তিনটির মধ্যে থাকার মতো।
অনেকে ফারহানের গোলের সঙ্গে মেসি, নেইমার কিংবা লামিন ইয়ামালের গোলের তুলনা করছেন। আপনার কাছে কি গোলটি ইউরোপিয়ান ফুটবলের মানের মনে হয়েছে?
জামাল : আপনারাই তো বলছেন, নেইমার, মেসি কিংবা লামিন ইয়ামালের মতো। আসলে আমি চাই, ফারহান নিজের প্রোফাইল বড় করুক। অন্য খেলোয়াড়দের সঙ্গে তার তুলনা করার প্রয়োজন নেই। বাংলাদেশের সমর্থকরা বলেন, ‘আমার মেসি’, ‘আমার লামিন ইয়ামাল’। কিন্তু আমি চাই, সে নিজের নামেই পরিচিত হোক। এটা ফারহান আলীর গোল, অন্য কারও নয়। ফারহান নিজের পরিচয়েই বড় হোক।
সামনে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল। গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় শ্রীলঙ্কা ম্যাচে বিশ্রাম পেয়েছেন। এটি কি পরের ম্যাচে কাজে আসবে?
জামাল : আমাদের পুরো স্কোয়াডই দরকার। কারণ গতকাল ম্যাচ ছিল, আবার দুই দিন পরই আরেকটি ম্যাচ। এত অল্প সময়ের মধ্যে খেলতে হলে পুরো স্কোয়াডের প্রয়োজন। সাদ উদ্দিন ইনজুরিতে পড়েছে। তাই সেখানে ব্যাকআপ খেলোয়াড় লাগবে। আপনারা দেখেছেন, হৃদয় সেন্টারব্যাক হিসেবে খেলেছে। এ কারণেই পুরো স্কোয়াড আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
সাদ উদ্দিনের চোট কতটা গুরুতর বলে মনে হচ্ছে?
জামাল : আমি শুনেছি, ওর অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে। সে ক্ষেত্রে অন্তত এক বছর মাঠের বাইরে থাকতে হবে।
হামজা চৌধুরীর অধিনায়কত্ব ও মাঠের পারফরম্যান্স কেমন লেগেছে?
জামাল : হামজা অধিনায়কত্ব পাওয়ার যোগ্য। সে খুব ভালো খেলেছে। হামজা সম্ভবত বাংলাদেশের ইতিহাসের সেরা খেলোয়াড়। সে আমাদের সবচেয়ে বড় তারকা, দলের সেরা ফুটবলার। তার জন্য আমি সত্যিই অনেক খুশি।
পাকিস্তান ম্যাচ নিয়ে দলের প্রত্যাশা কী?
জামাল : এখন আমাদের পুরো মনোযোগ পাকিস্তান ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করেছি, কিন্তু সামনে আরও কঠিন প্রতিপক্ষ। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। পুরো দল একসঙ্গে ভালো খেলতে পারলে আমরা ভালো কিছু করতে পারব।