জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ গল্প-উপন্যাসের বাইরে সিনেমা, নাটক নির্মাণ করে যেমন জনপ্রিয়তা পেয়েছেন ঠিক গান লেখাতেও তিনি সফল জাদুকর। তার অনেক সৃষ্টির মাঝে বেঁচে থাকবে বেশ কিছু গানও। ইতিমধ্যে কয়েকটি গান হয়েছে কালজয়ী। শ্রোতা শুনছেন বছরের পর বছর। বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখকের জন্মদিন আজ। বিশেষ দিনে তার লেখা ১০ গান নিয়ে এ আয়োজন। লিখেছেন তারেক আনন্দ
যদি মন কাঁদে
‘কৃষ্ণপক্ষ’ ছবির ‘যদি মন কাঁদে’ গানটি গেয়েছেন এর পরিচালক মেহের আফরোজ শাওন। ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকার পুরস্কার জেতেন তিনি। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এসআই টুটুল। এ গানটি শ্রোতাদের অন্যতম পছন্দের গান।
চাঁদনী পসর
জোছনার প্রতি হুমায়ূনের প্রেম সবারই জানা। সেই প্রেমই যেন উঠে এসেছে গানে। রাতে এই গান শোনার আনন্দ পাননি কিংবা গুন গুন করে নিজেই গেয়ে ওঠেননি এমন শ্রোতা হয়তো খুবই কম। গানটি ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘চন্দ্রকথা’ ছবিতে গেয়েছেন সেলিম চৌধুরী। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু। শ্রোতা হৃদয়ে গেঁথে আছে এই গান।
একটা ছিল সোনার কন্যা
‘শ্রাবণ মেঘের দিন’ ছবির ‘একটা ছিল সোনার কন্যা’ জনপ্রিয় গান। শ্রোতাহৃদয়ে গেঁথে আছে। এই গানে কণ্ঠ দিয়ে সুবীর নন্দী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়ক হন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু।
ও আমার উড়াল পঙ্খিরে
‘চন্দ্রকথা’ ছবির ‘ও আমার উড়াল পঙ্খিরে’ গানটি গেয়েছেন সুবীর নন্দী। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু। গানটি বেশিরভাগ শ্রোতার পছন্দের।
আমার ভাঙা ঘরে ভাঙা চালা
‘শ্রাবণ মেঘের দিন’ ছবির এই গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। পর্দায় এর সঙ্গে ঠোঁট মিলিয়েছেন মেহের আফরোজ শাওন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল। এই গান বেঁচে থাকবে যুগের পর যুগ।
মাথায় পরেছি সাদা ক্যাপ
২০০০ সালে মুক্তি পাওয়া ‘দুই দুয়ারী’ ছবির এ গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী আগুন। এ গানটিরও সুর-সংগীত করেছেন মকসুদ জামিল মিন্টু। কণ্ঠশিল্পী আগুনের অনেক গানের মাঝে এ গানটি অন্যতম।
আমার আছে জল
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আমার আছে জল’ ছবির টাইটেল ট্র্যাকটি গেয়েছেন মেহের আফরোজ শাওন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। গানটি অনেকের পছন্দের তালিকায়।
বরষার প্রথম দিনে
২০০০ সালে মুক্তি পাওয়া ‘দুই দুয়ারী’ ছবিতে ‘বরষার প্রথম দিনে’ গানটিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন। মকসুদ জামিল মিন্টুর সুর ও সংগীতে এ গানটির জন্য সাবিনা ইয়াসমিন ২৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকার পুরস্কার পেয়েছিলেন। রোমান্টিক গান হিসেবে এটি আজও শ্রোতাদের মন ভরায়।
চল বৃষ্টিতে ভিজি
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও সাবিনা ইয়াসমিন। জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, ফেরদৌস, বিদ্যা সিনহা মিম অভিনীত ‘আমার আছে জল’-এর হুমায়ূন আহমেদ রচিত এ গানটিজুড়ে বাদলা দিনের আবহ তৈরি হয়েছে।
লিলুয়া বাতাস
২০১৪ সালে মুক্তি পাওয়া ‘এক কাপ চা’ ছবিতে এ গানটি গেয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ ও আঁখি আলমগীর। নায়ক ফেরদৌসের অনুরোধে প্রথমবার নিজের ছবির বাইরে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘এক কাপ চা’ ছবির জন্য এ গানটি লিখেছিলেন হুমায়ূন আহমেদ।