অভিষেকেই ৬ উইকেটে ৩৮ বছরের রেকর্ড ভাঙলেন অস্ট্রেলীয় পেসার

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার দিনটি সব ক্রিকেটারের কাছেই আজীবন স্মরণীয় হয়ে থাকে, কিন্তু কারও কারও অভিষেক রূপ নেয় ইতিহাসে। পার্থের গতিময় উইকেটে আজ শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ঠিক তেমনই এক অবিশ্বাস্য কীর্তি গড়ে বসলেন অস্ট্রেলিয়ার তরুণ ফাস্ট বোলার মাহলি বিয়ার্ডম্যান। 

ওয়ানডে অভিষেকেই আগুনে বোলিংয়ে পাঁচ উইকেট শিকার করে দীর্ঘ ৩৮ বছরের এক পুরোনো রেকর্ডের পাতায় নিজের নাম লেখালেন এই পেসার। ১৯৮৮ সালে টনি ডোডেমেইডের পর মাত্র দ্বিতীয় অস্ট্রেলীয় পুরুষ ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক ম্যাচেই ফাইফার (৫ উইকেট) নেওয়ার অনন্য নজির গড়লেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো বিয়ার্ডম্যান জাতীয় দলের জার্সিতে নামার পর থেকেই নিজের জাত চেনাতে শুরু করেন। পার্থ স্টেডিয়ামের বাউন্সি ও পেসবান্ধব উইকেটে ইংলিশ ব্যাটারদের জন্য রীতিমতো ত্রাস হয়ে ওঠেন এই তরুণ তুর্কি। নিজের প্রথম শিকার হিসেবে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে সাজঘরে ফিরিয়ে শুরুটা করেন রাজকীয়ভাবে। 

সেই রেশ কাটতে না কাটতেই ইংলিশ ব্যাটিংয়ের মেরুদণ্ড ও সাবেক অধিনায়ক জো রুটকেও আউট করে সফরকারীদের শিবিরে কাঁপন ধরিয়ে দেন বিয়ার্ডম্যান। তাঁর এই তোপের মুখে পড়ে ইনিংসের মাত্র ১৪ ওভারের মধ্যেই ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড।

শুরুর এই ধাক্কা সামলে ওঠার কোনো সুযোগই সফরকারীদের দেননি অভিষিক্ত এই অজি পেসার। মিডল অর্ডারেও সমানতালে তাণ্ডব চালিয়ে একে একে তুলে নেন জর্ডান কক্স, স্যাম কারান এবং লিয়াম ডসনের মূল্যবান উইকেট। বিয়ার্ডম্যানের এমন বিধ্বংসী স্পেলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। 

পরে ইংলিশদের ইনিংসের শেষ উইকেট জোফরা আর্চারকেও ফেরান বিয়ার্ডম্যান। এতে ৩৩ ওভার ৪ বলে কেবল ১৩১ রান গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত ছিলেন গাস আটকিনসন। এদিকে বিয়ার্ডম্যানের অভিষেক স্পেল থামল ৭ ওভার ৪ বলে ২৪ রান দিয়ে ৬ উইকেটে। এছাড়া আরেক পেসার স্পেনসার জনসন নিয়েছেন ৩ উইকেট। 

সর্বশেষ সর্বাধিক পঠিত