কুলখানির খাবার খেয়ে হাসপাতালে পাঁচ শতাধিক

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলায় কুলখানি অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন পাঁচ শতাধিক মানুষ। এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া ও গাইবান্ধার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকেই। হাসপাতালের বেডে জায়গা না হওয়ায় মেঝেতে চলছে অনেকের চিকিৎসা। অসুস্থদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক মানুষ রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত প্রায় ৫০০ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্তত ২০ জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ পর্যন্ত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ৯৪ জন রোগী ভর্তি হয়েছেন।

স্থানীয় সূত্র ও রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি গ্রামের আব্দুল বাবলু ব্যাপারীর ছেলে জাহিদুল ইসলাম। পরে তার স্বজনরা গত মঙ্গলবার (১০ নভেম্বর) তার বাড়িতে কুলখানি অনুষ্ঠানের আয়োজন করেন। ওই দাওয়াতে ভাত, গরুর মাংস ও আটার ডাল খাওয়ানো হয়। সেখানে এলাকাবাসীসহ প্রায় এক হাজার ২০০ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের খাবার খাওয়ার পর ওই দিন মধ্যরাত থেকে অনেকে অসুস্থ হয়ে পড়েন। অনেকেই প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হওয়ায় পরদিন বুধবার থেকেই হাসপাতালে ভর্তি হতে থাকেন। ক্রমেই এই সংখ্যা বাড়তে থাকে। অসুস্থ রোগীরা গাইবান্ধা জেনারেল হাসপাতাল, পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। আজ শুক্রবার রাত ৮টা পর্যন্ত জেলা হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় ৩০০ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে বেডে চিকিৎসাধীন আশিক মিয়া, আতোয়ার রানা, ওমর ফারুক, জাহিদ ও সোলাইমান ইসলাম জানান, দাওয়াত খাওয়ার পর দিবাগত মাঝরাত থেকে তাদের পেটব্যথা শুরু হয়। কয়েক ঘণ্টা পরই ডায়রিয়া শুরু হয়। এরপর হাসপাতালে ভর্তি হন। শুধু তারা নন, তাদের আরও অনেক আত্মীয়ও এখানে চিকিৎসাধীন। অনেকেই বাইরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ইউপি সদস্য আফতাব আলী জানান, কুলখানির দাওয়াত তিনিও খেয়েছেন। তিনি নিজেও অসুস্থ। এক হাজার থেকে এক হাজার ২০০ মানুষের খাবারের আয়োজন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত ৫০০ থেকে ৬০০ মানুষ অসুস্থ হয়েছেন।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ জানান, হাসপাতালে ডায়রিয়া রোগের ওষুধপত্র পর্যাপ্ত রয়েছে। গতকাল থেকে ২০০টির বেশি স্যালাইন সংশ্লিষ্ট ওয়ার্ডে দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ১১৫ জন রোগী ভর্তি রয়েছেন। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। খাবারে বিষক্রিয়া হয়ে ডায়রিয়া হতে পারে। ভর্তি রোগীদের তারা সার্বক্ষণিক নজরে রাখছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত