শিল্পকলায় আজ ‘গোধূলি বেলা’

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৬ এএম

জীবনের পড়ন্ত বেলায় মানুষের চাওয়া-পাওয়ার হিসাব চুকে যায়, পড়ে থাকে কেবল নিঃসঙ্গতা আর মনের কথা খুলে বলার মতো একজন বিশ^স্ত বন্ধুর আকুতি। এমনই এক মানবিক ও সংবেদনশীল গল্প নিয়ে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে একক নাটক ‘গোধূলি বেলায়’। মোমেনা চৌধুরীর রচনা ও একক অভিনয়ে এটি শূন্যন রেপার্টরি থিয়েটারের পঞ্চম প্রযোজনা। নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম সাগর।

নাটকের কাহিনি আবর্তিত হয়েছে এক বৃদ্ধা মায়ের না-বলা যন্ত্রণা ও চাপা দীর্ঘশ্বাস ঘিরে। পঞ্চাশতম বিবাহবার্ষিকীর দিনে এক নির্জন পার্কে বসে তিনি ডুবে যান স্মৃতির অতলে। সেখানে সংসার ও মাতৃত্বের দায়বদ্ধতার আড়ালে লুকিয়ে থাকা দীর্ঘদিনের বঞ্চনা ও নীরব প্রতিবাদের চিত্র ফুটে ওঠে।

আজ নাটকটির ১৪তম প্রদর্শনী। এর আগে ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। পরে আগস্ট থেকে ঢাকা ও রংপুরের বিভিন্ন মঞ্চে নিয়মিত প্রদর্শিত হয়ে দর্শকপ্রিয়তা পেয়েছে প্রযোজনাটি।

আজকের প্রদর্শনী প্রসঙ্গে মোমেনা চৌধুরী বলেন, ‘দেশ-বিদেশের দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। জীবনের গোধূলি বেলায় এসে মানুষের আর কোনো চাওয়া থাকে না; শুধু একজন ভালো বন্ধু প্রয়োজন হয়, যার চোখে চোখ রেখে চায়ের কাপে চুমুক দেওয়া যায়। নাটকে সেই ভাবনাই উঠে এসেছে। সবাইকে সপরিবারে নাটকটি দেখার আমন্ত্রণ রইল।’

তিন দশকের বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে সমানতালে কাজ করছেন মোমেনা চৌধুরী। মান্নান হীরা রচিত ‘লালজমিন’ নাটকে তিন শতাধিক একক মঞ্চায়নের মাধ্যমে তিনি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। এ ছাড়া ‘হালদা’, ‘নদীজন’ ও ‘স্বপ্নডানা’র মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি কোয়ান্টাম ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত